নেপালের (Nepal) মানাং জেলায় মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে (Avalanche) অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ বলে খবর। বরফের স্তূপ সরিয়ে তাঁদের খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। রবিবার তুষারধসের পর বেস ক্যাম্পের একাধিক তাঁবু বরফের নিচে চাপা পড়ে যায়। দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। মৃত চারজনই নেপালের নাগরিক বলে জানা গিয়েছে। তাঁরা শরৎকালীন পর্বতারোহণের মরশুম শুরুর আগে বেস ক্যাম্প তৈরি এবং আরোহণের পথ প্রস্তুত করার কাজে যুক্ত ছিলেন। বিদেশি পর্বতারোহীদের আসার অপেক্ষায় থাকা স্থানীয় গাইড ও সহায়ক কর্মীরাই মূলত দুর্ঘটনার শিকার হয়েছেন।
আরও পড়ুন: পড়ুয়ার অভাবে ফাঁকা ক্লাসরুম, 'ডবল- ইঞ্জিনে' বন্ধের মুখে একাধিক স্কুল
নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের (Nepal National Mountain Guide Association) পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দু’টি দেহ উদ্ধার করা হয়েছিল। সোমবার আরও দু’টি দেহ উদ্ধার করা হয়। পরে হেলিকপ্টারে করে উদ্ধার হওয়া দেহগুলি কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। তবে নিখোঁজের সংখ্যা নিয়ে নির্দিষ্ট কোন তথ্য আসেনি। আবহাওয়ার কিছুটা উন্নতি হতেই সোমবার ফের শুরু হয় উদ্ধার অভিযান। নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের আটজন অভিজ্ঞ পর্বতগাইডকে তল্লাশি অভিযানে নামানো হয়। মোট ১৪ সদস্যের একটি উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে চামে থেকে হিমলুংয়ের বেস ক্যাম্পে পৌঁছয়। উচ্চতাজনিত দুর্গম পরিস্থিতিতে কাজের অভিজ্ঞতা থাকা গাইডরা বরফের নিচে সম্ভাব্য জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছেন।
আরও পড়ুন: জ্ঞানেশ গদ্দার: কালো কালিতে ছয়লাপ মুখ্য নির্বাচন কমিশনারের আগরার বাড়ি
তবে এই উদ্ধারকাজ একেবারেই সহজ হচ্ছে না। প্রতিকূল আবহাওয়া, প্রচণ্ড তুষার এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকারীদের একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। মানাংয়ে প্রবল বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত কয়েকদিন ধরে নেপালের একাধিক পার্বত্য এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাত চলছে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে নেপালের বিভিন্ন এলাকায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। এর মধ্যেই কয়েক মাস আগে ভয়াবহ বন্যার ধাক্কাও সামলেছে নেপাল। আগস্টের সেই বিপর্যয়ে ১,৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছিলেন। হিমলুংয়ের বেস ক্যাম্পে এখনও যাঁরা নিখোঁজ, তাঁদের জীবিত উদ্ধারের আশায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
















