পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ফের বড়সড় জঙ্গি হামলা। শনিবার ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টের কাছে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা চালানো হয়। বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে খবর। পুলিশ ও উদ্ধারকারী সংস্থার আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, রাস্তার ধারের ওই চেকপোস্ট লক্ষ্য করেই হামলা চালানো হয়। বিস্ফোরণের পর আহত ও নিহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ধসের মধ্যেও দারুণ রিটার্ন! চমক দেখাল ৯ মিউচুয়াল ফান্ড

এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP। উত্তর-পশ্চিম পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার সংখ্যা অনেকটাই বেড়েছে। TTP ছাড়াও বালোচিস্তান-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন BLA-র বিরুদ্ধেও একাধিক হামলার অভিযোগ রয়েছে। তবে এই ঘটনার ক্ষেত্রে TTP-ই দায় স্বীকার করেছে। তবে TTP এবং আফগানিস্তানের শাসক আফগান তালিবান এক সংগঠন নয়। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পরও দুই সংগঠন আলাদা কাঠামোয় সক্রিয় রয়েছে, যদিও তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও মিত্রতার সম্পর্ক রয়েছে। এদিকে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই এই হামলা নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াল নিঃসন্দেহে। প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফাইজির জানিয়েছেন, হামলার পর মৃত ও আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।