ইরানের (Iran) উপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে এ বার দেশটির বিমান চলাচল ব্যবস্থাকে নিশানা করেছে আমেরিকা (America)। ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের বিমান (Iran Flight) সংস্থাগুলির আন্তর্জাতিক পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট (Scott Bessent)। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “বিদেশে কোথাও ইরানের বিমান অবতরণ করতে চাইলে নামতে দেবেন না। সেইসঙ্গে তাদের টিকিট বিক্রি করবেন না। জ্বালানি ভরার সুযোগও দেবেন না। যদি এগুলি না-করেন, তা হলে ডলারে লেনদেনের ব্যবস্থা থেকে বঞ্চিত হবেন।” অর্থাৎ, শুধু ইরানের বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েই থামতে চাইছে না ওয়াশিংটন। তাদের আন্তর্জাতিক পরিষেবা সচল রাখতে যে বিদেশি পরিকাঠামোর প্রয়োজন হয়, সেই ব্যবস্থাকেও চাপের মধ্যে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান সংস্থাগুলির নতুন বিমান কেনা, যন্ত্রাংশ সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। নতুন পদক্ষেপ কার্যকর হলে আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইরানি বিমান সংস্থাগুলির স্বাভাবিক পরিষেবা চালানো আরও কঠিন হয়ে উঠতে পারে।
ইতিমধ্যেই এই নিষেধাজ্ঞার প্রভাব আন্তর্জাতিক বিমান ব্যবস্থায় প্রভাব ফেলতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মারফত জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি বিমান সংস্থাগুলির পরিষেবা স্থগিত করার পরিকল্পনা করছে বাগদাদ। তবে মঙ্গলবার ইরাকের পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ইরান-ইরাক বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি হয়নি বলে পাল্টা জানানো হয়েছে। ফলে ইরাকের অবস্থান নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
চিনের (China) সঙ্গে মার্কিন অর্থনৈতিক আলোচনার সময়েই বেসেন্টের এই ঘোষণা সামনে এসেছে। চিন ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হওয়ায়, তেহরানের উপর আর্থিক চাপ তৈরির ক্ষেত্রে বেজিংয়ের অবস্থানও ওয়াশিংটনের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে চলতি সপ্তাহেই আমেরিকায় যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই সফরে ট্রাম্পের সঙ্গে জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। তারআগেই ইরানের ওপর চাপ বাড়ল আমেরিকা। সব মিলিয়ে, ২৩ সেপ্টেম্বরের মার্কিন পদক্ষেপ ইরানের বিমান সংস্থাগুলির আন্তর্জাতিক পরিষেবায় কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে বিদেশি বিমানবন্দর ও পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ওয়াশিংটনের হুঁশিয়ারির পর কী সিদ্ধান্ত নেয় তার উপর।
















