মালয়েশিয়ায় পর্যটকদের জন্য চালু থাকা ৩০ দিনের ভিসা-মুক্ত (Visa-Free) প্রবেশাধিকারের সুবিধা নিয়ে সেখানে গিয়ে চাকরি খোঁজার চেষ্টা করছেন বহু ভারতীয় নাগরিক। এই প্রবণতা বৃদ্ধি পাওয়ার পরই ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক তথা কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ভিসা-মুক্ত সুবিধাটি শুধুমাত্র পর্যটন এবং সামাজিক ভ্রমণের জন্য প্রযোজ্য, কোনভাবেই এর মাধ্যমে মালয়েশিয়ায় চাকরি বা কর্মসংস্থান খোঁজা যাবে না। 

আরও পড়ুন: ইডির চিঠির পরেই সক্রিয় সতীশন সরকার! দুর্নীতির তদন্তের মুখে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়ন

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে এক শ্রেণির অসাধু এবং প্রতারক এজেন্টের চক্রান্তে পড়ে বহু ভারতীয় নাগরিক বিভ্রান্ত হচ্ছেন। এই এজেন্টরা ভুয়ো চাকরির প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ট্যুরিস্ট ভিসায় বা ভিসা-মুক্ত সুবিধার সুযোগ নিয়ে মালয়েশিয়ায় পাঠাচ্ছে। সেখানে পৌঁছানোর পর যখন তারা কাজ পাচ্ছেন না বা অবৈধভাবে কাজ করার চেষ্টা করছেন, তখনই বিপত্তি ঘটছে। 

আরও পড়ুন: ধর্মীয় কারণে না গাইলে শাস্তি নয়! ‘বন্দে মাতরম’ নিয়ে শীর্ষ আদালতের বড় পর্যবেক্ষণ

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এভাবে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করলে তা মালয়েশিয়ার অভিবাসন আইনের (Immigration Rules) সরাসরি লঙ্ঘন। এর ফলে ভারতীয় নাগরিকদের অনেকগুলি গুরুতর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেমন- অবৈধ অভিবাসী তকমা ও অতিরিক্ত সময় সেখানে অবস্থান (Overstaying), নির্যাতন, স্থানীয় প্রশাসনের হাতে আটক বা গ্রেফতারি, কঠোর আইনি পদক্ষেপ এবং নির্বাসন (Deportation)। 

হাইমিশন কড়া ভাষায় নির্দেশ দিয়েছে যে, কোনও ভারতীয় নাগরিক যদি মালয়েশিয়ায় চাকরি বা কাজের উদ্দেশ্যে যেতে চান, তবে তাকে অবশ্যই দেশ ছাড়ার আগে বৈধ ওয়ার্ক পারমিট (Work Permit) অথবা ভিসা উইথ রেফারেন্স (VDR) সংগ্রহ করতে হবে। সঠিক কাজের অনুমোদন ছাড়া মালয়েশিয়ার মাটিতে পা না রাখার জন্য কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: শিল্ড শুরুর দিনে লিগের ট্রফি পাচ্ছে বাগান, প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

তবে প্রকৃত পর্যটকদের জন্য জরুরি গাইডলাইনে বলা হয়েছে, যাঁরা কেবলই ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়ান ইমিগ্রেশনের হেনস্থা এড়াতে তাঁদের কাছে সমস্ত বৈধ ও যাচাইকরণযোগ্য নথিপত্র থাকা বাধ্যতামূলক। বিমানবন্দরে নামার পর পর্যটকদের সঙ্গে রাখতে হবে কনফার্মড রিটার্ন টিকিট। ভারত বা অন্য কোন দেশে ফিরে আসার নিশ্চিত বিমান টিকিট। থাকার জায়গার বৈধ প্রমাণপত্র। পাসপোর্টের মেয়াদ অন্তত পক্ষে ৬ মাস থাকতে হবে। মালয়েশিয়ায় পৌঁছানোর অন্তত ৩ দিন আগে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (MDAC) ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 

বিদেশে গিয়ে আইনি জটিলতা বা প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে যেকোনও চাকরির অফার নেওয়ার আগে তা যাচাই করে নেওয়ার জন্য ভারত সরকারের তরফ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে।