উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানের ভিতরে ধোঁয়া দেখা যাওয়ায় মাঝ আকাশ থেকে লন্ডন হিথরোয় ফিরে এল দিল্লিগামী ইন্ডিগোর বিমান (IndiGo flight)। মঙ্গলবার রাতে লন্ডন (London) থেকে ছাড়ার পর 6E 04 নম্বর বিমানে এই সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি বুঝে দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে বিমান ঘুরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলটরা (Pilot)। জরুরি অবতরণের অনুমতি মেলার পর নিরাপদেই হিথরোয় নামে বিমানটি। যাত্রীদেরও নিরাপদে নামিয়ে আনা হয়।

বোয়িং 787-9 ড্রিমলাইনারটি ভারতীয় সময় রাত ১২টা ৩৪ মিনিটে লন্ডন থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। প্রায় ১ ঘণ্টা ১৯ মিনিটের মাথায় রাত ১টা ৫৩ মিনিটে সেটি ফের হিথরো বিমানবন্দরে ফিরে আসে। ইন্ডিগোর দাবি, উড়ানের পরই বিমানে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখেই পাইলটরা ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, “২২ সেপ্টেম্বর লন্ডন থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট 6E 04 উড়ান শুরুর কিছুক্ষণ পর একটি প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করা হয়। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে পাইলটরা ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং লন্ডন হিথরো বিমানবন্দরে নিরাপদে বিমানটি অবতরণ করান। বিমানটি বর্তমানে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে এবং সমস্ত প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর ফের পরিষেবা শুরু করবে।” অর্থাৎ, এখন বিমানটিকে হিথরোতেই রেখে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় মেরামতি এবং সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সেটি ফের উড়বে না বলে জানিয়েছে ইন্ডিগো। সংস্থার বক্তব্য, নির্ধারিত নিরাপত্তা নিয়ম মেনেই পুরো বিষয়টি সামলানো হয়েছে।