এবার টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে পর্দায় আসতে চলেছে আদ্যোপান্ত এক বাঙালি ভূতের গল্প-‘শাকচুন্নি’! লেখক অর্ণব রায়ের ২০২৪ সালে প্রকাশিত জনপ্রিয় হরর থ্রিলার উপন্যাস ‘শাকচুন্নি’র স্বত্ব কিনে নিয়েছে সৃজিতের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট প্রোডাকশন্স’।
আরও পড়ুন: "জ্ঞানেশকে আড়াল করছে বিজেপি": রাজ্যের CEO দফতরে ডেপুটেশন নওশাদদের
গত দু-বছর ধরে একাধিক বিনোদন প্ল্যাটফর্মের কাছে এই গল্পটি নিয়ে কথা বলছিলেন পরিচালক। কিন্তু এত দিন অন্য একটি প্রযোজনা সংস্থার সাথে চুক্তির মেয়াদ থাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি সেই চুক্তির মেয়াদ শেষ হতেই গল্পের স্বত্ব নিজের নামে করে নিয়েছেন সৃজিত। গল্পটি বড় পর্দায় চলচ্চিত্র হিসেবে আসবে নাকি ওয়েব সিরিজ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সৃজিত জানিয়েছেন, খুব শীঘ্রই এই গল্পটিকে হয় সিনেমা নয়তো সিরিজের আকারে দর্শকদের সামনে নিয়ে আসা হবে।
আরও পড়ুন: মহাকাশে সার্কাস! নভশ্চর অনিলের শেয়ার করা ভিডিওতে তাজ্জব নেটপাড়া
১৯৪০-এর দশকের পটভূমিতে তৈরি এই গল্পের প্রেক্ষাপট জমিদার আমলের বাংলা। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পঞ্চাশের মন্বন্তরের ধাক্কায় ধুঁকছে শ্যামলাপুরের বন্দ্যোপাধ্যায় জমিদার পরিবার, অন্যদিকে গ্রামের জঙ্গলে লুকিয়ে রয়েছে বাংলা লোককথার এক অতৃপ্ত আত্মা—‘শাকচুন্নি’! পারিবারিক ভাঙন, রাজনৈতিক জটিলতা এবং অলৌকিক শক্তির এক অদ্ভুত মিশেল দেখা যাবে এই মনস্তাত্ত্বিক হরর থ্রিলারে।
আরও পড়ুন: Asian Games: রিলে রেসে সোনা, অ্যাথলেটিক্সের ভারতের সাফল্য অব্যাহত
লেখক অর্ণব রায়ও সৃজিতের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর মতে, এই গল্পের আত্মাটা পুরোপুরি বাঙালি, আর আবহ ও সাংস্কৃতিক শিকড়কে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সৃজিত মুখোপাধ্যায়ের চেয়ে যোগ্য পরিচালক আর কেউ হতে পারেন না।
বর্তমানে সৃজিত ব্যস্ত রয়েছেন তাঁর আগামী পিরিয়ড ড্রামা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor Vs Sarat Chandra)-র মুক্তি নিয়ে, যা আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসতে চলেছে। সেটি মিটলেই ‘শাকচুন্নি’র কাস্টিং ও শুটিংয়ের কাজ পুরোদমে শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
















