জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন বিজেপি (BJP) নেতারা। বিজেপি কেন জ্ঞানেশকে আড়াল করছে! মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার পথে নেমে বিস্ফোরক বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। জ্ঞানেশের পদত্যাগের দাবিতে দিকে দিকে পথে নামছে বিভিন্ন মহল। এই একই দাবিকে সামনে রেখে এবার পথে নামল ISF। এদিন শিয়ালদা (Sealdah) থেকে ধর্মতলা (Dharmatala) মিছিলের নেতৃত্ব দেন নওশাদ। নির্বাচন কমিশনের রাজ্য দফতরে এদিন ডেপুটেশন জমা দেন নওশাদরা। আর সেই মিছিল থেকেই জ্ঞানেশ তথা বিজেপিকে একই আসনে বসিয়ে তীব্র কটাক্ষ করলেন ভাঙড়ের বিধায়ক।
বাংলায় SIR-এর জেরে ট্রাইবুনালে ৩৭ লক্ষ নাম ঝুলিয়ে রাখা হয়েছে। SIR-এর জেরে ভুক্তভোগী সেই মানুষদের সংগঠিত করে দলমত নির্বিশেষে পথে নামার হুঁশিয়ারি দেন নওশাদ। এদিন শিয়ালদা থেকে মিছিল এগিয়ে কলকাতা পুরসভার কাছে আসতেই মিছিল আটকে দেয় পুলিশ। এরপর মিছিলের মধ্যে থেকে প্রতিনিধি দল রাজ্যের সিইও দফতরে গিয়ে ডেপুটেশন জমা দেন।
ISF-এর মূল দাবি, জ্ঞানেশের পদত্যাগ। পদত্যাগের সঙ্গে বিচারবিভাগীয় তদন্তও করতে হবে বলে দাবি নওশাদদের। ভাঙড়ের বিধায়কের কথায়, ১০ মাস ধরে একনায়কতন্ত্র চালিয়ে গেছেন জ্ঞানেশ। বাংলা ও বিহারের ভোট হয়েছে ১০ মাসের মধ্যেই। এ রাজ্যে অ্যাডজুডিকেশনের নাম করে, ট্রাইবুনালের নাম করে নাম কাটা হয়েছে। "নতুন করে স্বচ্ছভাবে ভোট করিয়ে দেখুন, কী ফলাফল হয়।" কমিশনকে এদিন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন নওশাদ।
















