নিয়োগ দুর্নীতির (Recruitment Scam Case) তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছিল সিবিআই (CBI)। কিন্তু সেই আবেদনে আপাতত কোনও সিদ্ধান্ত নিল না কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বরং সিবিআইকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিল আদালত। মঙ্গলবার মামলার শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন: ভোটের সময় পুলিশি হানা, ফাঁকা সিজার লিস্ট! শুভেন্দুর বিরুদ্ধে মামলা খারিজ হাই কোর্টে
শিক্ষক, শিক্ষাকর্মী এবং পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। ২০২২ সালে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল। তবে সম্প্রতি সেই সিট ভেঙে দেওয়ার আর্জি জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, সিটের হাতে থাকা অধিকাংশ মামলার তদন্ত ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফলে বাকি যে তদন্ত রয়েছে সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা করতে পারবেন।
মঙ্গলবার শুনানিতে সিবিআইয়ের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী আদালতে উপস্থিত ছিলেন। তিনি জানান, “প্রায় পাঁচ বছর ধরে সিট কাজ করছে। এই সময়ের মধ্যে দলের বেশ কয়েকজন আধিকারিক অবসর নিয়েছেন, আবার কারও পদোন্নতি হয়েছে। তাঁদেরকে রিলিজ করে সিট থেকে সরানো না গেলে প্রশাসনিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে”। সিবিআইয়ের এই বক্তব্যের পরই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। তিনি জানতে চান, “তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে, এখনও পর্যন্ত তদন্তে কী কী তথ্য উঠে এসেছে এবং এই তদন্তের ভবিষ্যৎ কী”?
অন্যদিকে, এদিন আদালতে মূল মামলাকারী চাকরিপ্রার্থীদের একাংশ সিট ভেঙে দেওয়ার বিরোধিতা করেন। তাঁদের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সংস্থা বিশেষ দল ভেঙে দিতে চায়, এটা খুবই গুরুতর উদ্বেগের বিষয়।" সেইসঙ্গে আইনজীবী ফিরদৌস শামিম উল্লেখ করেন, "শীর্ষ আদালতের নির্দেশ এক্ষেত্রে অমান্য করা হবে। তদন্ত না করলে বিশেষ দল কেন গঠন করা হয়েছিল?"
এই পরিস্থিতিতে সিবিআইয়ের সিট ভেঙে দেওয়ার আবেদন নিয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি হাই কোর্ট। বিচারপতি সিনহা জানান, “সংশ্লিষ্ট মামলার শুনানির উপর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। সেই অবস্থায় হাই কোর্টের পক্ষে এই বিষয়ে কী পদক্ষেপ করা সম্ভব, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাই সিবিআই চাইলে সিট ভাঙার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে।” এর পর মামলাটি আপাতত শুনানির তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল আপাতত বহালই থাকছে।
















