প্রথমে অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে উত্ত্যক্ত। এরপর সেই নাবালিকাকেই গণধর্ষণের (Gang Rape) অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাঁকসা থানা (Kanksa Police Station) এলাকায়। ঘটনায় দুই যুবক এবং এক নাবালককে গ্রেফতার (Arrest) করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বীরভূমের বোলপুরের (Bolpur) বাসিন্দা শেখ আলতাফ ওরফে ইরফান এবং কাঁকসার আমির মল্লিক। তৃতীয় অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই চাকরি হারানোর আশঙ্কা! মঙ্গলেও অবস্থানে অনড় ICT-র শিক্ষক-শিক্ষিকারা

পুলিশ সূত্রে খবর, কাঁকসা থানা এলাকার এক নাবালিকাকে অভিযুক্তরা অশ্লীল ভিডিয়ো দেখিয়ে প্রথমে উত্ত্যক্ত করা হত। পরে ওই নাবালিকার উপর গণধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করার পর অভিযান চালায় পুলিশ। তবে ঘটনার নেপথ্যে ঠিক কী হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

 অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা কী ছিল, তাঁরা কী ভাবে ঘটনার সঙ্গে যুক্ত এবং অভিযোগের সঙ্গে কোনও ডিজিটাল প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রয়োজনে অভিযুক্তদের মোবাইল ফোন-সহ অন্যান্য ডিজিটাল তথ্য পরীক্ষা করা হতে পারে। তদন্তের স্বার্থে ফরেন্সিক পরীক্ষার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার জানিয়েছেন, “ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। প্রয়োজন অনুযায়ী ফরেন্সিক পরীক্ষা করা হবে।”