রেজিনগরের উপনির্বাচনে (Rejinagar By Election) গণতান্ত্রিক তৃণমূলের (TMC) প্রচারে মর্মান্তিক ঘটনা। প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্স (Toffee) কুড়তে গিয়ে মৃত্যু হল শিশুর। ঘটনায় ক্ষুব্ধ ও শোকস্তব্ধ স্থানীয়রা। পরিবারের তরফে অভিযোগ, যে দলের প্রচারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই দলের তরফে কোনও যোগাযোগও করা হয়নি। 

৬ অক্টোবরে রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন- নন্দীগ্রাম ও রেজিনগরে। সেখানে নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়ার নাম ও প্রতীক ব্যবহার করছে মমতাপন্থী তৃণমূল ও ঋতব্রত শিবির। রেজিনগরে আলাদা প্রার্থীও দিয়েছে দুই শিবির। রবিবার, দলীয় প্রার্থী শফিউজ্জামান শেখের হয়ে প্রচার করছিল গণতান্ত্রিক তৃণমূল। বেলডাঙায় মিছিল থেকে লজেন্স ছোড়েন নেতারা।

প্রচার গাড়ি থেকে নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে আহত হয় জশমিনা খাতুন নামে এক শিশু। পরিবারের অভিযোগ লজেন্স কুড়োতে গিয়েই মাটিতে পড়ে জখম হয় সে। দুটি সরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসার অবনতি হওয়ায় NRS-এ স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ ও শোকস্তব্ধ স্থানীয়রা। 

NRS-এ ময়নাতদন্তের পরেই শিশুর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। তারপরেই বহরমপুরের উদ্দেশে রওনা দেবে পরিবার। পরিবারের তরফে অভিযোগ, যে দলের প্রচারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই দলের তরফে কোনও যোগাযোগও করা হয়নি। 

শিশুর আত্মীয় ইউসুফ শেখ জানিয়েছেন, “প্রচারটি হচ্ছিল গ্রামের মধ্য়ে দিয়ে। এখানে গ্রামের এলাকার ছেলে-মেয়ে। তারা স্বাভাবিকভাবেই রাস্তায় বেরিয়ে এসেছিল। সেই সময় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়েছিল বাচ্চাটি। এরপরই আমরা হাসপাতালে নিয়ে যাই। দুটো হাসপাতাল ভালো করে দেখেইনি বাচ্চাটিকে। এরপর NRS-এ নিয়ে আসা হয়। এখানে ভর্তি করিয়েছিলাম আমরা। কিন্তু এরপরই বাচ্চাটি মারা যায়।“