কোলাঘাটে (Kolaghat) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাড়াবাড়ি এবং অফিসে পুলিশি তল্লাশি ঘিরে দায়ের হওয়া মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় এই তল্লাশি নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল। সেই সময়ে বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু। লোকসভা ভোট চলাকালীন কোলাঘাটের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের দাবি ছিল, এক দুষ্কৃতীর খোঁজেই সেখানে অভিযান চালানো হয়েছিল। তবে শুভেন্দুর অভিযোগ ছিল, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
আরও পড়ুন: আমানতকারীদের জন্য সুখবর! রোজভ্যালিকে টাকা ফেরাতে সময়সীমা বেঁধে দিল আদালত
পরে এই ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। পুলিশের দেওয়া রিপোর্টে জানানো হয়, তল্লাশির সময় সন্দেহজনক কোনও বস্তু বা নথি পাওয়া যায়নি। এমনকি সিজার লিস্টও ফাঁকাই ছিল। ফলে সেই তদন্ত আর এগোয়নি। তল্লাশির সময় অবশ্য বাড়িতে ছিলেন না শুভেন্দু। তিনি তখন একটি রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরাও সেখানে পৌঁছন। পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের বচসা হয়।
আরও পড়ুন: Asian Games: নিখুঁত লক্ষ্যভেদে সোনা জয় নীরুর, শুটিংয়ে একইদিনে জোড়া পদক জয়
পরে কোলাঘাট থানায় পৌঁছন তৎকালীন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ ছিল, থানায় গিয়ে কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে তিনি দেখা করতে পারেননি। পাশাপাশি তিনি দাবি করেন, তাঁর কাছে আদালতের রক্ষাকবচ রয়েছে। সেই অবস্থায় কোনও তল্লাশি চালাতে হলে নিয়ম মেনে ‘সার্চ ওয়ারেন্ট’ দেখানো এবং তাঁর উপস্থিতিতে তল্লাশি ও ভিডিয়োগ্রাফির ব্যবস্থা করা প্রয়োজন ছিল।
এই তল্লাশি নিয়েই হাই কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। আদালতে তাঁর আরও অভিযোগ ছিল, পুলিশের সঙ্গে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আই-প্যাকের প্রতিনিধিরাও ছিলেন। যদিও পুলিশ জানিয়েছিল, তাদের অভিযান ছিল অভিযুক্তের সন্ধানেই। শেষ পর্যন্ত পুলিশের রিপোর্টে তল্লাশি থেকে কিছু না মেলার বিষয়টি সামনে আসে। তদন্তও এগোয়নি। এই প্রেক্ষাপটে কোলাঘাটের ওই পুলিশি তল্লাশি সংক্রান্ত মামলাটি খারিজ করল কলকাতা হাই কোর্ট।
















