এশিয়াডে পঞ্চম সোনা এল মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে। চলতি এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত সোনা জিতলেন নীরু ধান্ধা । এর আগে মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে দলগত বিভাগে নেমেছিলেন নীরু। অসীমা অহলাওয়াত এবং মনীষা কিরকে সঙ্গী করে রুপো জিতেছিলেন । একই দিনে জোড়া পদক জিতলেন নীরু।
চলতি এশিয়ান গেমসের শুরু থেকেই একের পর এক পদক জিতছিলেন ভারতীয় শুটাররা। তবে সেই পদক ছিল রুপো এবং ব্রোঞ্জের মধ্যেই সীমাবন্ধ। কিন্ত নীরু শুধু সোনাই জিতলেন না ভারতকে চলতি এশিয়াডে প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদকের স্বাদ দিলেন। একটি নজিরও গড়েছেন তিনি। এশিয়ান গেমসের ৭৫ বছরের ইতিহাসে এর আগে কোনও ভারতীয় মহিলা শুটার ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে স্বর্ণপদক জেতেননি। নীরু প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।
ফাইনালে শুরু থেকেই লিড করছিলেন নীরু। বাকিদের থেকে তাঁর মিস্ কম হচ্ছিল। শেষে চিনের সুন ইউনঙের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বীতা শুরু হয়। দু’শট এগিয়ে ছিলেন নীরু।সেই লিড থেকেই সোনা জিতে নিলেন। শেষ পর্যন্ত ৩০-এর মধ্যে ২৮ স্কোর করেন ভারতীয় শুটার। সুনের স্কোর ছিল ২৬।
চলতি বছরে আন্তর্জাতিক ইভেন্টে এটি দ্বিতীয় বড় সাফল্য নীৰুর । এর আগে গত জুলাই মাসে ইতালিতে অনুষ্ঠিত শটগান বিশ্বকাপে ট্র্যাপ ইভেন্টে শীর্ষস্থান দখল করে প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বকাপ সোনা জয়ের ঐতিহাসিক নজির গড়েছিলেন তিনি।
যদিও কয়েক ঘণ্টা আগেই দলগত বিভাগে সোনা হাতছাড়া হয় তাঁর। মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে দলগত বিভাগে নেমেছিলেন নীরু। তাঁর সঙ্গী ছিলেন অসীমা অহলাওয়াত এবং মনীষা কির। কিন্তু আবারও ফাইনালে গিয়ে চিনের কাছে হারতে হয় ভারতীয় শুটিং দলকে। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় ব্রিগেডকে।
















