রবিবার এশিয়ান গেমসে ভারত সাত পদক জিতলেও সোনা এল না। ফলে পদক তালিকায় প্রথম দশে স্থান ধরে রাখতে পারল না ভারত। ৪ সোনা, ১৬ রুপো, ১৭ ব্রোঞ্জ-সহ মোট ৩৭ পদক পেয়ে দ্বাদশ স্থানে ভারত।
রবিবার দিনের শুরুতেই সেমিফাইনালে উঠে বক্সিংয়ে প্রথম পদক নিশ্চিত করেন অঙ্কুশ পাঙ্ঘল। পুরুষদের ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের প্রতিপক্ষ নেকরুজ সালিমভকে ৫-০ ব্যবধানে পরাজিত করে সেমিতে উঠলেন। ফলে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গিয়েছে।
এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের ফাইনালে মালায়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হার।রুপোতেই সন্তুষ্ট থাকতে হলো অভয় সিংকে। মহিলাদের সিঙ্গলসে মালয়েশিয়ার সিভাসাঙ্গারি সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে ফাইনালে লড়ে রুপো জিতেছেন অনাহত সিং। এই দুটো ইভেন্টে সোনার স্বপ্নভঙ্গ হল।
এশিয়ান গেমেস ট্রাক অ্যান্ড ফিল্ডে পদকের ধারা অব্যাহত রাখল ভারত। সারভেশ অনিল কুশারে, তেজস্বিন শঙ্কর এবং পারুল চৌধুরী জিতলেন রুপো এবং ২টি ব্রোঞ্জ। পুরুষদের হাইজাম্পে রুপো জিতেছেন কুশারে। ডেকাথলনে ব্রোঞ্জ পেলেন তেজস্বিন। আর ৩০০০ মিটার স্টিপলচেজে জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতলেন পারুল।
৩১ বছরের মহারাষ্ট্রের কুশারে তাইপের ফু চাও-হুয়ানের টপকে থেকে রুপো জেতেন। ২.২৫ মিটার উচ্চতায় প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় তা টপকে যান কুশারে। মোট ৭৯৩৪ পয়েন্ট নিয়ে তেজস্বিন শঙ্করও লড়াই চালিয়ে শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে নেন।
মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে ৯ মিনিট ১০ সেকেন্ডের নিচে সময় করা প্রথম ভারতীয় মহিলা হলেন পারুল। হকি থেকে তিরন্দাজি এই ইভেন্ট গুলিতে ভারতের পদকের আশা বাড়ছে।
















