ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সহজ জয় এসেছে। তার উপর শতরান করেছেন শুভমান গিল এবং বিরাট কোহলির ব্যাট থেকে। ফলে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। নেতৃত্বের ভার গিলের উপর থাকলেও এখনও টিম ইন্ডিয়ার সাজঘরের নিউক্লিয়াস বিরাট কোহলি। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন উত্তরসূরির সঙ্গে।
কোহলি ভালোই জানেন সাজঘরের পরিবেশ যত ভালো থাকবে ততই দল ভালো খেলবে। কীভাবে তারকা সমৃদ্ধ সাজঘরকে আরও ফুরফুরে রাখা যায় সেই নিয়ে গিলকে টিপস দিয়েছেন কিং কোহলি। বিরাট এবং গিলের কথাবার্তার সেই ভিডিও উঠে এসেছে বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে।
বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে কোহলি বলেছেন, “আমি অনেক দিন নেতৃত্ব দিয়েছি। আমি এখন সিনিয়র খেলোয়াড়। সিনিয়রেরা বা অধিনায়কেরা যখন দলে হালকা মেজাজে, খুশিতে থাকে, তখন বাকি সকলেও হালকা থাকতে পারে। সকলের মনে হয়, কোনও সমস্যা নেই। সব ঠিক আছে। খুব চাপের ম্যাচেও আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করি। ক্রিকেট উপভোগ করার চেষ্টা করি। সকলকে চাপমুক্ত রাখার চেষ্টা করি। আসলে আমরা নিজেদের চাপে ফেলতে চাই না। তাই সব সময় মুখে হাসি লেগে থাকে আমাদের। এ ভাবেই খেলতে চাই আমরা। যদিও মাঠে আমরা সকলেই খুব পেশাদার।”
এরপর শুভমান বলেন, এখানে আমি দ্বিতীয়বার ব্যাটিং করলাম পাজির সঙ্গে। ব্যাটিংটা আমরা উপভোগ করেছি। আমরা ১৫০ রানের উপর পার্টনারশিপ তৈরি করেছি, দুজনেই ১০০ রান করেছি। এবং দিনের শেষে দল জয় পেয়েছে।ফলে এই ম্যাচ বিশেষ হয়েই থাকবে।
















