আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মোহনবাগান। মোহনবাগান প্রথম ম্যাচে ছয় গোলে জয় পেয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী নর্থ ইস্ট এর বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে লি হ্যারি এরউইন গোল করে সবুজ মেরুন শিবিরকে এগিয়ে দেন। কিন্তু ৭০ মিনিটে এথিয়ান গঞ্জালেজের গোলে খেলায় সমতা ফেরায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। এই ড্রয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠলো মোহন বাগান। পক্ষান্তরে নর্থইস্টও একই পয়েন্ট নিয়ে সেমিফাইনালে গেলো, তবে গোলপার্থক্যে গ্রুপ রানার্স হয়ে।

তবে ম্যাচে ম্যাকলারেন কুঁচকির চোট পেয়েছেন.।

 

কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস বলেন, 

"ম্যাকলারেনের কুঁচকির চোট কি অবস্থায় আছে তা এখনও জানা সম্ভব নয়। আগামীকাল স্ক্যান করা হবে। তবেই জানা সম্ভব হবে।"

 

 

ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন মোহনবাগান জনতা নয়ন মনি ব্যারেটোও। প্রিয় দলের খেলা দেখে সবুজ তোতা বলেন, 

“গোটা দলকে আজ কিছুটা ছন্নছাড়া দেখাল। একটু দুর্ভাগ্যও ছিল। আমরা শেষে একটা গোল মিস করেছি। পেনাল্টি মিস হয়েছে। ওটা ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই সময় মোহনবাগানের কাছে বলের নিয়ন্ত্রণ ছিল। খেলার পুরো কর্তৃত্ব ছিল। ওই সময় পেনাল্টি মিস হওয়া মানে প্রতিপক্ষের মনে আশা জাগিয়ে তোলা। লি ভালো স্ট্রাইকার ।এত সমর্থকদের চাপের মধ্যে খেলাটা নিঃসন্দেহে কঠিন।"

 

এদিকে এই টুর্নামেন্টের ফাইনাল কবে কোথায় হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কারণ মহিলাদের ভারত বনাম রাশিয়া ম্যাচ যুবভারতীতে স্থানান্তরিত হয়েছে । ৮, ১১ই অক্টোবর দুটি ম্যাচ রয়েছে। ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, "চেষ্টা করা হচ্ছে ৭ই অক্টোবর যুবভারতীতে শিলড ফাইনাল করার।"