এশিয়ান গেমসের নবম দিনে সোনা না জিতলেও পদকের ধারা অব্যাহত ভারতের। বিশেষ করে ট্রাক অ্যান্ড ফিল্ডে। জ্যাভলিন থেকে হার্ডলসে, এমনকি শুটিংয়েও পদক জিতল ভারত।
চোটের জন্য এশিয়ান গেমস থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন নীরজ চোপড়া। ফলে জ্যাভলিনে ভারতের পদক প্রাপ্তি নিয়ে সংশয় ছিল।
নীরজের অভাব ঢাকলেন রোহিত যাদব ও যশবীর সিং। সোনা জিততে না পারলেও জোড়া পদক এল ভারতের ঘরে । জ্যাভলিনে রুপো জিতলেন যশবীর। ৮৫.৭২ মিটার থ্রো করে ব্যক্তিগত সেরা রেকর্ডও গড়লেন তিনি। ৮৪.৩৫ মিটার দূরত্বে থ্রো করে ব্রোঞ্জ পেলেন তরুণ অ্যাথলিট রোহিত।
মহিলাদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ পেলেন পারুল চৌধুরী। গতকালই ৩০০০ মিটার স্টিপলচেজে ব্রোঞ্জ পেয়েছেন তিনি।এ ছাড়া ছেলেদের ১৫০০ মিটার দৌড়ে ৩ মিনিট ৩৬.৭২ সেকেন্ড সময় করে রুপো জিতেছেন গুলবীর সিং। শ্রীশঙ্কর মুরালি লং জাম্পে রুপো জিতলেন। পিঙ্কি বালহা্রা ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতলেন ভিথ্যা রামরাজ। কিংবদন্তি পিটি উষার ৪২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ভিথ্যা। ১৯৮৪ সালের অলিম্পিক্সে ৫৫.৪২ সেকেন্ডে দৌড় শেষ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন উষা। ৪২ বছর পর ভাঙল তাঁর রেকর্ড।
২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপোর পদক জিতলেন ভারতের এশা সিং। ২৫ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে দারুণ পারফর্ম করেন এষা সিং। একাধিকবার শুটআউটে গিয়ে শেষ পর্যন্ত অল্পের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর। শুটিংয়ে এই একটামাত্র পদকই এল নবম দিনে।হতাশ করলেন মানু ভাকের। নবম দিনের শেষে ভারতের ঝুলিতে এল মোট ৪৫টি পদক।
















