বিজেপির দলীয় কোন্দলের জেরে শিবপুর থানায় ঢুকে পুলিশকর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। এই ঘটনায় বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিকান্দার খান-সহ মোট চার জনকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। পাল্টা অপর পক্ষের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে আরও দু'জনকে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে ঘটনার সূত্রপাত হয়। বিজেপির দুই গোষ্ঠীর দীর্ঘদিনের পুরনো বিবাদ আচমকাই তীব্র রূপ নেয়। দলীয় নেতা সিকান্দার খান এবং দাউদ খানের অনুগামীদের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি ও মারামারি। এর পর দাউদ ও তাঁর সঙ্গীদের গ্রেফতারের দাবিতে সিকান্দার কয়েক জন অনুগামীকে নিয়ে সটান শিবপুর থানায় হাজির হন। 

অভিযোগ, থানায় ঢুকেই সিকান্দার এবং তাঁর অনুগামীরা পুলিশকর্মীদের উপর চড়াও হন। নিজেদের দলীয় প্রভাব খাটিয়ে পুলিশ আধিকারিকদের উদ্দেশে নানা হুমকি দিতে থাকেন তাঁরা। কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে সরাসরি দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন সিকান্দার। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতেই শুরু হয় তীব্র বচসা এবং এক পর্যায়ে পুলিশের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। 

থানার ভেতরে এ হেন তাণ্ডবের ঘটনায় মঙ্গলবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। এর পরই সিকান্দার-সহ চার জনকে গ্রেফতার করা হয়। অন্য দিকে, অপর গোষ্ঠীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে দাউদ ঘনিষ্ঠ দু'জনকেও পুলিশ পাকড়াও করে। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।