বিনোদুনিয়া জুড়ে এখন শুধু একটাই গুঞ্জন—খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সম্প্রতি শোনা গিয়েছিল, তিনি কোনও নৌসেনা অফিসারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তবে সূত্র মারফত এখন সামনে এসেছে আসল তথ্য। তিনি নৌসেনার কেউ নন, বরং জাহাজের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার!
আরও পড়ুন: উৎসবের আড়ালে অশনি সঙ্কেত! শতবর্ষের রাজবাড়িতে রহস্যের ‘দেবীপক্ষ’
কে এই সিদ্ধার্থ দত্ত?
মিমি চক্রবর্তীর হবু বরের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি কলকাতারই ছেলে। তবে পেশাগত সূত্রে তিনি যুক্তরাজ্যের (UK) একটি নামজাদা বহুজাতিক সংস্থায় কর্মরত এবং পেশায় একজন অত্যন্ত সফল মেরিন ইঞ্জিনিয়ার। জলপাইগুড়ির মেয়ে মিমির মন জয় করে নিয়েছেন তিলোত্তমার এই কৃতী সন্তান।
পরিচয় কীভাবে?
বিনোদনের আলো ঝলমলে জীবন থেকে বরাবরই নিজেকে দূরে রাখেন এই বঙ্গ তনয়। তবে রূপোলি পর্দার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, টলিপাড়ার বেশ কয়েকজন তারকা বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ বৃত্তে তাঁর যোগাযোগ ছিল। সেই সূত্রেই পরিচয়। বিশেষ করে গত বছরের দুর্গাপুজোর আড্ডায় বন্ধুদের ভিড়ে মিমির পাশাপাশি হাসিমুখে দেখা মিলেছিল এই সিদ্ধার্থের!
আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায়, মৃত একাধিক
কবে হচ্ছে বিয়ে?
জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাসেই আইনি বিয়ে সারতে চলেছেন মিমি ও সিদ্ধার্থ। টলিপাড়া সূত্রে খবর ডিসেম্বরের কনকনে শীতে, পাহাড়ি শৈলশহর কালিম্পংয়ে ধুমধাম করে বসবে তাঁদের চোখধাঁধানো ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর আসর।
আরও পড়ুন: লন্ডন শারদোৎসবের বিষয় ভাবনায় দূরদর্শনের শতবর্ষ
দীর্ঘদিন ধরেই মিমির ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে তুমুল কৌতুহল ছিল। অবশেষে মিমির হবু বরের আসল পরিচয় এবং পেশা সামনে আসায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিয়ে বা হবু বরকে নিয়ে এখনও পর্যন্ত মিমি নিজে প্রকাশ্যে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তিনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। এখন দেখার কবে এই চার হাত এক হতে চলেছে।















