কল্পবিজ্ঞান আর বাস্তব যেন এক বিন্দুতে এসে মিলেছে। হলিউডের পর্দায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা মানুষের মতো দেখতে রোবটের চালচলন আমরা সিনেমা ভেবে উপভোগ করতাম, তা যে এভাবে চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে, তা হয়তো অনেকেরই ভাবনার অতীত ছিল। সম্প্রতি সমাজমাধ্যমে এক অবিশ্বাস্য ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে একদল রোবট নৃত্য পরিবেশন করছে। যা দেখে তাজ্জব বনে গেছেন বিশ্ববাসী। 

আরও পড়ুন: Asian Games: ভলিবলের বদলা হকিতে, হরমনপ্রীতদের সামনে সোনা জয়ের হাতছানি

সৌদি আরবের ঐতিহ্যবাহী পুরুষদের পোশাক ‘থোব’ (Thobe) এবং মাথায় ‘ঘুতরা’ (Ghutra) পরে একদল চিনা রোবটকে আরবের ঐতিহ্যবাহী লোকনৃত্য ‘আরদাহ’ (Al-Ardah) পরিবেশন করতে দেখা গেছে। সাধারণত এই নাচে তরবারি ব্যবহার করা হলেও, চিনা দূতাবাসের এই বিশেষ প্রদর্শনীতে রোবটগুলির হাতে ছিল লাঠি বা প্রতীকী তরবারি। ড্রাম এবং আরবের লোকসংগীতের তালে তালে রোবটদের নিখুঁত ছন্দ, কোমর দোলানো আর হাত-পা নাড়ার ভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে তারা মানুষ নয়, রক্তমাংসহীন যান্ত্রিক হিউম্যানয়েড রোবট!

আরও পড়ুন: ঘুমের আগে ৩ মিনিটের ম্যাসাজেই কামাল! ত্বক হবে হিরের মতো উজ্জ্বল

পিপলস রিপাবলিক অব চায়না গঠনের ৭৭তম বার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াধের চিনা দূতাবাসে এক বিশেষ কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াধের মেয়র প্রিন্স ফয়সাল বিন আবদুল আজিজ বিন আইয়াফ এবং চিনে নিযুক্ত রাষ্ট্রদূত চ্যাং হুয়াসহ দুই দেশের বহু উচ্চপদস্থ কূটনীতিবিদ ও প্রায় ৬০০ অতিথি। এই হাই-প্রোফাইল মঞ্চেই বেজিংয়ের তৈরি এই অত্যাধুনিক রোবটগুলি তাদের নাচ প্রদর্শন করে।

 

চিনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া এই প্রদর্শনীর প্রশংসা করে জানিয়েছেন, চিনে তৈরি এই হিউম্যানয়েড রোবটগুলির চোখ ধাঁধানো পারফরম্যান্স অনুষ্ঠানে আসা সমস্ত অতিথিকে দারুণভাবে মুগ্ধ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই অভিনব পারফরম্যান্সের মাধ্যমে একদিকে যেমন প্রযুক্তির দুনিয়ায় চিনের অসীম ক্ষমতার দাপট প্রকাশ পেয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদির সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে বন্ধুত্বের গভীর বার্তাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শাশুড়ি-বৌমাকে গণধর্ষণের অভিযোগ, নাম জড়াল বিজেপি কর্মীর

ভিডিওটি ভাইরাল হতেই ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি হয়েছে। নেট নাগরিকদের প্রতিক্রিয়াও বেশ মিশ্র ও মজাদার। অনেকে রোবটগুলির নিখুঁত ভারসাম্য ও মানুষের চেয়েও মসৃণ নাচ দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, “প্রযুক্তি আজ কোন স্তরে পৌঁছে গেছে, এটা তার প্রমাণ।” আবার অনেকে মজার ছলে লিখেছেন, “চিন এবার রোবটকেও আরবের শেখ বানিয়ে দিল!”

তবে এর উল্টো সুরও শোনা গেছে অনেকের কমেন্টে। ভবিষ্যৎ পৃথিবীর কথা চিন্তা করে কেউ কেউ কিছুটা আতঙ্কও প্রকাশ করেছেন। এক নেটিজেনের মন্তব্য, “আবেগহীন ও অভিব্যক্তিহীন রোবট দিয়ে শত বছরের পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য প্রকাশ করার মধ্যে কোন মানবিক ছোঁয়া থাকে না।”

কারণ যা-ই হোক, রিয়াধের চিনা দূতাবাসের এই প্রযুক্তি ও সংস্কৃতির ফিউশন যে বিশ্বজুড়ে ডিজিটাল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।