বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্য, দেশের সীমানা ছাড়িয়ে অনেক আগেই প্রবাসে সপরিবারে পাড়ি দিয়েছেন মা দুর্গা। বিদেশ বিভুঁই-এ যেখানেই বাঙালি হৃদয়, সেখানেই আশ্বিনের শারদ প্রাতে দুর্গাপুজোর আয়োজন হয়েছে নিজস্ব আঙ্গিকে। বাদ নেই মার্কিন মুলুকও। নিউইয়র্কের (New York) বিখ্যাত টাইম স্কোয়্যারে (Times Square) এবারও জমজমাট দুর্গোৎসব। ১০ ও ১১ অক্টোবর- দু’দিন ধরে মহালয়া ও দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি শশধর হাওলাদার জানান, ১০ অক্টোবর সকাল ১১টায় টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরীর (Satyam Ray Chowdhury) চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হবে মহালয়ার অনুষ্ঠান।

এবছর টাইমস স্কোয়্যারে দুর্গোৎসবের (Dugrotsav) দ্বিতীয় বর্ষ। রবিবার নিউ ইয়র্কে এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন আয়োজক সংগঠনের সভাপতি শশধর হাওলাদার। তিনি জানান, ১০ অক্টোবর সকাল ১১টায় সত্যম রায়চৌধুরীর চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হবে মহালয়ার অনুষ্ঠান। বরাবরই সংস্কৃতিপ্রেমী সত্যম। কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে এর আগে তাঁকে আবৃত্তি, শ্রুতি নাটক পরিবেশন করতে দেখা গিয়েছে। শত ব্যস্ততার মধ্যেও সাংস্কৃতি জগতে সত্যমের মুন্সিয়ানা বরাবরই প্রশংসনীয়। এবার টাইমস স্কোয়্যারে মহালয়ার আবহে দেবীপক্ষের সূচনাকে স্মরণ করে তাঁর এই বিশেষ চণ্ডীপাঠ প্রবাসী বাঙালিদের কাছে এক অন্য মাত্রা যোগ করবে।

মহালয়ার দিন নিউ ইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কণ্ঠে অনুষ্ঠিত হবে গীতাপাঠ। এই পর্ব পরিচালনা করবেন সুতিপা চৌধুরী। মালবিকা চট্টোপাধ্যায়ের পরিচালনায় সঙ্গীত সাধনা অ্যাকাডেমি পরিবেশন করবে উদ্বোধনী সঙ্গীত। চণ্ডীপাঠ, গীতাপাঠ, সঙ্গীত, নৃত্য এবং দুর্গাপুজোর নানা আচার-অনুষ্ঠানে মুখর হয়ে উঠবে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র। দু’দিনের উৎসবের অন্যতম আকর্ষণ নৃত্যানুষ্ঠান। চন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যাঞ্জলির ৬০ জনেরও বেশি শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশ ও নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব এবং পশ্চিমবঙ্গের শিল্পী মেঘলা দাশগুপ্তের উপস্থিতি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করবে।

১১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে দুর্গাপুজো। পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে থাকবে অঞ্জলি ও বিশেষ ধুনুচি নাচ। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন পশ্চিমবঙ্গের শিল্পী দিয়াসিনী রায় এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো ও তাঁর ব্যান্ড। প্রবাসের মাটিতে দুর্গাপুজোর ঐতিহ্য ও বাঙালির সাংস্কৃতিক আবেগকে একসূত্রে বাঁধতেই এই বিশেষ উদ্যোগ।

আরও পড়ুন: দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীলের বাড়িতে ED হানা!

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর প্রেসিডেন্ট অশোক রক্ষিত, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নিরুপমা সাহা, নিউ ইয়র্ক বাংলাদেশ (Bangladesh) হিন্দু কমিউনিটির সমাজসেবক নবেন্দু দত্ত, বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট রিনা সাহা এবং আড্ডা অ্যাকাডেমির প্রধান পরিচালক আলপনা গুহ। ছিলেন আয়োজক কমিটির সদস্য অনুপম দত্ত, রোহান রাওয়াত ও সোমা মুখোপাধ্যায়, সঙ্গীত সাধনা অ্যাকাডেমির প্রধান পরিচালক মালবিকা চট্টোপাধ্যায়, নৃত্যাঞ্জলি অ্যাকাডেমির প্রধান পরিচালক চন্দ্রা বন্দ্যোপাধ্যায় এবং পুজোর পুরোহিত প্রবাস চক্রবর্তীও।

বিশ্বের অন্যতম পরিচিত সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র টাইমস স্কোয়ার দুর্গোৎসবের এই আয়োজনের মাধ্যমে বিদেশের মাটিতে বাঙালির শিকড়, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। আয়োজকদের মতে, টাইমস স্কোয়্যারে এই দু’দিনের মহালয়া ও দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিউ ইয়র্কে বসবাসকারী বাঙালিদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছেও বাঙালি সংস্কৃতি, দুর্গাপুজোর ঐতিহ্য এবং বাংলার শিল্পকলাকে তুলে ধরাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।