আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১৬ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কামব্যাক ছবি ‘দেশু ৭’ (DeSu 7)। দীর্ঘ বছর পর এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। ছবির প্রচারের উদ্দেশ্যে রবিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে হাজির হয়েছিল ‘দেশু’ টিম। আর সেখানেই তৈরি হল এক আবেগঘন এবং ঐতিহাসিক মুহূর্ত, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

আরও পড়ুন: মারধর করে দমানো যাবে না: যাদবপুরে হুঁশিয়ারি নেহার

শিলিগুড়ির প্রচারমঞ্চে এদিন দেবের এক প্রবীণ অনুরাগীর দেখা মিলল, যিনি বয়স এবং অসুস্থতাকে উপেক্ষা করেই শুধুমাত্র প্রিয় অভিনেতাকে একঝলক ছুঁয়ে দেখতে ছুটে এসেছিলেন। ৮০ বছর বয়সী ওই বৃদ্ধা ভক্ত যখন মঞ্চে ওঠেন, তখন লেডি ‘সুপারস্টার’ শুভশ্রী নিজে এগিয়ে গিয়ে অত্যন্ত যত্ন সহকারে তাঁর হাত ধরে মঞ্চে তুলতে সাহায্য করেন। শুধু তাই নয়, বৃদ্ধার গা থেকে আঁচল সরে গেলে শুভশ্রী নিজেই তা টেনে ঠিক করে দেন।

 

আরও পড়ুন: পুরনো শাড়ি, নতুন স্টাইল; এই পুজোয় ভিড়ের মাঝে নজর কাড়ুক আপনার ‘ফিউশন লুক’

মঞ্চে উঠে দেবকে সামনে পেয়েই আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই প্রবীণ অনুরাগী। প্রিয় অভিনেতাকে পরম স্নেহে জড়িয়ে ধরে তাঁর দুই গালে এঁকে দেন ভালোবাসার চুম্বন। দুনিয়ার কাছে দেব মেগাস্টার হলেও, তাঁর কাছে যে তিনি আদরের নাতি—তা মনে করিয়ে দিয়ে দেবের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদও করেন তিনি। দেবের জন্য নিজের হাতে বানানো একটি বিশেষ ফটোফ্রেম উপহার দেন তিনি। প্রিয় ভক্তের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি দেবও। তিনিও মাথা নত করে প্রবীণ অনুরাগীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই বৃদ্ধা বলেন, “দেব আমার নাতি। আমি ওকে খুব ভালোবাসি, ওর কোনও সিনেমা মিস করি না।”

আরও পড়ুন: আকাশপথে যাতায়াত আরও মহার্ঘ, ৬ অক্টোবর থেকে নতুন জ্বালানি শুল্ক চাপাল ইন্ডিগো

বৃদ্ধা অনুরাগীর এই হৃদয়স্পর্শী মুহূর্তের পাশাপাশি শিলিগুড়ির মঞ্চে ফিরে এলো আরও এক পুরনো ম্যাজিক। এদিন এই মঞ্চ থেকেই মুক্তি পায় ‘দেশু ৭’ ছবির নতুন গান ‘আমার সবকিছুতেই’। প্রখ্যাত সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি মুক্তি পেতেই নস্ট্যালজিক হয়ে পড়েন উপস্থিত দর্শকেরা। একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিতে দেব-শুভশ্রীর ব্লকবাস্টার ছবি মানেই সেখানে জিতের সুর ও কণ্ঠ ছিল অবধারিত। দীর্ঘ সময় পর ‘দেশু ৭’ ছবির হাত ধরে আবারও দেব-শুভশ্রী এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের সেই পুরনো ম্যাজিক ফিরে আসায় উচ্ছ্বসিত অনুরাগীরা।

ত্রিপুরা থেকে শ্রীরামপুর কিংবা শিলিগুড়ি—ছবি মুক্তির আগেই ‘দেশু ৭’ ঘিরে ভক্তদের এই বেনজির উন্মাদনা বাংলা সিনেমার জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছে টলিপাড়া।