NEET প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শনিবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে অনুমতি দিয়েও তুলে নিল কলকাতা পুলিশ! অভিযোগ প্রাক্তন শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)। বিষয়টা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে টিএমসিপি। জরুরি ভিত্তিতে আবেদনের শুনানির আবেদন করা হলে স্পেশাল বেঞ্চ গঠন করে শনিবার দুপুর তিনটে নাগাদ শুনানি হওয়ার কথা। 

মিছিলের অনুমতি চেয়ে গত ২৩ জুলাই কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছিল বলে তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর। শনিবার দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত পদ্মপুকুর মোড় থেকে সি আই টি রোড হয়ে মৌলালি মোড় পর্যন্ত মিছিলের কথা ছিল। টিএমসিপি-র দাবি, শুক্রবার রাতে সেই মিছিলে অনুমতিও দিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু পরে আবার মেল করে অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। এই পরিস্থিতিতে শনিবারে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দরকার দ্বারস্থ হয়েছে TMCP। এখন আদালত অনুমতি দেয় কি না-সেটাই দেখার।