“’হিন্দুত্ববাদী’ শব্দ না সরালে আমরা কাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চিঠি দেব কলকাতা পুলিশের তরফে যাতে ওঁর পোস্ট সরানো হয়। ওঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, BNS-এ যে পদ্ধতি আছে অ্যাকশন নেওয়ার জন্য, নির্দেশ দেওয়া হয়েছে।“ শুক্রবার, নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারির পাল্টা বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikashranjan Bhattacharya) তোপ, যা করবেন “অগ্র-পশ্চাৎ বিবেচনা করে পদক্ষেপ করবেন“।
বৃহস্পতিবার, বিকাশরঞ্জনের বাড়িতে হামলা হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, “আজ সকাল ৫টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাচ ভেঙে পালিয়ে গিয়েছে। অল্পের জন্য বেঁচে গিয়েছে আমাদের কাজের পরিচারিকা।“
এর পাল্টা হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "বিকাশবাবু তাঁর পোস্টে হিন্দুত্ববাদীদের আক্রমণ বলে লিখেছেন। এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। গতকাল গড়ফা এবং কসবা পুলিশ স্টেশনে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল, আজ সকালে সিপি-কে নির্দেশ দিয়েছি BNS অনুযায়ী বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর করা হবে। বিকাশবাবুর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উনি যদি আমার এই প্রেস কনফারেন্স দেখার ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্ট ডিলিট না করেন...পোস্ট ডিলিট করতে বলছি না, ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদী, হিন্দু শব্দটি...তাহলে আমরা মনে করি ভারতীয় জনগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্ম পালনকারী হিন্দুদের আস্থায় সরাসরি আঘাত হানা হয়েছে। দু'টি থানায় অভিযোগের ভিত্তিতে স্পেসিফিক কেস হয়েছে ইতিমধ্যেই। আজ যদি উনি পোস্ট সংশোধন করে দেন ভাল। আমরা আমাদের কাজ করেছি, হামলাকারীকে গ্রেফতার করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। আইনজীবী হোক বা ডাক্তার, কারও বাড়িতে এমন আক্রমণকে সমর্থন করে না সরকার। পাশাপাশি, যে ভারতকে হিন্দুস্তান বলে ডাকা হয়, সেই হিন্দুদের আক্রমণ করা...হিন্দুত্ববাদী বলে কী বোঝাতে চেয়েছেন উনি। হিন্দুত্ববাদী শব্দের মধ্যে দিয়ে সমগ্র হিন্দু সমাজকে আক্রমণ করেছেন উনি দলমত নির্বিশেষে। যদি না করেন, আমরা কাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চিঠি দেব কলকাতা পুলিশের তরফে যাতে ওঁর পোস্ট সরানো হয়। ওঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, BNS-এ যে পদ্ধতি আছে অ্যাকশন নেওয়ার জন্য, নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হবে। উনি আইনের ঊর্ধ্বে নন।"
আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুর থেকেও বেশি ব্যবধানে জয়ী হাসিরানি, রেজিনগরেও ফুটল পদ্ম! সংখ্যালঘুদের ভয় কাটছে: মুখ্যমন্ত্রী
এর পাল্টা বিকাশ বলেন, “হিন্দুত্ববাদী শব্দটা কারও একছত্র জায়গীর নয়। আমি পোস্ট ডিলিট করব না। উনি যা করার করতে পারেন”। এর পরেই সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র তোপ দেগে বলেন, যা করার উনি যেন অগ্র-পশ্চাৎ বিবেচনা করে করেন। সংবিধান কাউকে হিন্দুত্ববাদী ব্যবহারের একমাত্র অধিকার দিয়ে রাখেনি।“















