স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর (Desh Banchao Ganamancha) ধর্না। রবিবার জওহরলাল নেহরু রোডে কনক বিল্ডিং ও জীবনদীপ অফিসের কাছে চলে অবস্থান বিক্ষোভ। বিজেপির ‘ফ্যাসিবাদী’ নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন গণমঞ্চের সদস্যরা সাফ জানালেন, ৪ জুনের গণনায় কোনোপ্রকার কারচুপি সহ্য করা হবে না। এদিন বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করেন তাঁরা। অভিযোগ, বাংলার মানুষের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। গণমঞ্চের সদস্য প্রদীপ্ত গুহঠাকুরতা অভিযোগ তোলেন, "রাজ্য বর্তমানে এক অভূতপূর্ব বন্দি দশার মধ্যে আছে। যে বাংলার মানুষ স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে, আজ তাঁদেরই বহিরাগত বা বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে মারা হচ্ছে। বিজেপি ও আরএসএস বিভেদের রাজনীতি চালিয়ে আমাদের পর করে দেওয়ার চেষ্টা করছে।" অধ্যাপিকা সৈয়দ তনভীর নাসরিন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির নিন্দা করে বলেন, "বিজেপি মানুষের মনে হিন্দু-মুসলমান ভেদাভেদের বিষ ঢুকাতে সফল হয়েছে। এমনকি এই নির্বাচন প্রক্রিয়ায় কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ।" আরও পড়ুন: বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিনরবিবার ধর্না মঞ্চের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা শ্যামল দত্ত, অমিত কালি, নাজমুল হক, চিকিৎসক অরিন্দম বিশ্বাস, বাচিকশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়, প্রবীণ রাজনীতিক অনুরাধা দেব, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত এবং অধ্যাপিকা সৈয়দ তনভীর নাসরিন-সহ বুদ্ধিজীবী ও শিল্পীরা। এদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা রাহুল চক্রবর্তী।

-

-

-

-

-

-