রাজ্যের পঞ্চায়েত দফতরে (Panchayat Department) কর্মীসংকট কাটাতে বড়সড় নিয়োগের পথে সরকার। সোমবার (Monday) বাদল অধিবেশন শুরুর আগে বিধানসভায় পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Panchayat Minister Dilip Ghosh) জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েত দফতরে প্রায় ১১ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তবে এবারের নিয়োগ পদ্ধতি হবে অন্যরকম। এ বার আর জেলা ভিত্তিক নয়, পুরো নিয়োগই হবে কেন্দ্রীয়ভাবে পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) মাধ্যমে।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে কর্মীর অভাবে পঞ্চায়েতের বহু প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই নিয়োগের নতুন ব্যবস্থা আনা হচ্ছে। এতদিন পঞ্চায়েত আইনের আওতায় জেলা স্তরে নিয়োগ হলেও, এবার সেই দায়িত্ব পিএসসির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে যেহেতু পিএসসি একটি স্বশাসিত সংস্থা, তাই এই পরিবর্তন কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংশোধনের উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

দিলীপ ঘোষের দাবি, সরকার গঠনের পর রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই নিয়োগ তারই অংশ। তাঁর কথায়, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর করতে এবং শূন্যপদ দ্রুত পূরণ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে এগোচ্ছে সরকার।

পঞ্চায়েতের কাজকর্ম না হওয়া নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন পঞ্চায়েতমন্ত্রী। তাঁর অভিযোগ, বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধিদের অনুপস্থিতি বা পদত্যাগের (Resignation) কারণে প্রশাসনিক কাজে সমস্যা তৈরি হয়েছে এবং বহু সরকারি প্রকল্পও আটকে রয়েছে। সেই প্রেক্ষাপটে এবার একদিকে যেমন কাজে ফেরার বার্তা দিয়েছেন তিনি, তেমনই পঞ্চায়েত দফতরে নতুন কর্মী নিয়োগের রূপরেখাও প্রকাশ করলেন।