বীরভূমের মহম্মদবাজার এলাকায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) আত্মীয় মিনার মণ্ডলের (Minar Mondal) বাড়ি থেকে মোট সাড়ে ২৮ কোটি ৫০ লক্ষ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। সঙ্গে মিলেছে পনেরো কেজি সোনা। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান বৃহস্পতিবার সকালে শেষ হয়েছে। গ্রেফতার করা হয়েছে মিনার ও তাঁর ছেলেকে। ৬ টি ট্রাঙ্ক বোঝাই করে উদ্ধার হওয়ার টাকা এবং তিনটি ছোট ট্রাঙ্কে সোনা নিয়ে গিয়েছে পুলিশ।

প্রাই ২৯ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর এদিন সকালে মিনারের বাড়ি সিল করে দেওয়া হয়। তাঁর পরিবারের সদস্যদের দাবি এই টাকা তাঁদের নয়। ইতিমধ্যেই মিনারকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। পুলিশের দাবি, ধৃত জানিয়েছেন, উদ্ধার হওয়া সমস্ত নগদ পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল এবং তাঁর সিন্ডিকেটের। তদন্তকারীদের ধারণা, এই চক্রের লেনদেন মূলত নগদ অর্থ ও সোনার মাধ্যমেই চলত। উদ্ধার হওয়া সম্পত্তির উৎসও সেই বেআইনি সিন্ডিকেটের অংশ বলে অনুমান করা হচ্ছে। মিনারের স্ত্রীর দাবি, প্রায় এক বছর আগে টুলু এই টাকা রেখে গিয়েছিলেন। আলমারির চাবিও তাঁর কাছেই থাকে। নগদ ও সোনা উদ্ধার থেকে শুরু করে টাকা গোনার কাজের সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।