ফের যুদ্ধ শুরু ইরান ও আমেরিকার (Iran- America) মধ্যে যার ফলে বন্ধ করা হয়েছে হরমুজ প্রণালী। এবার প্রশ্ন উঠছে ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ দিয়ে আটকে থাকা জাহাজগুলি কীভাবে নিরাপদ ভাবে পার হবে। তাই ফের তেল ও গ্যাস সরবরাহ সঙ্কটে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আনুমানিক ৯টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। সেই সব জাহাজে প্রায় ২০০ জন নাবিক থাকার ফলে সেগুলিকে নিরাপদে হরমুজ পার করাতে ইরানের সঙ্গে একাধিকবার আলোচনা চালাচ্ছে ভারত সরকার। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশজুড়ে কারণ জুন মাসে ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ওই ৯টি জাহাজে রয়েছে প্রচুর পরিমাণে তেল ও এলপিজি (LPG)। ভারতের জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ, এলএনজি আমদানির প্রায় ৬০ শতাংশ এবং এলপিজি আমদানির প্রায় ৯০ শতাংশ এই পথে আসে।
প্রসঙ্গত, আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের (Brent Crude) দাম ব্যারেল প্রতি ২.৩৪ ডলার বা ৩.০৮ শতাংশ থেকে ৭৮.৩৫ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (US West Texas Intermediate crude) দাম ২.২১ ডলার বা ৩.০৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৩.৬২ ডলার। এই মুহূর্তে ভারতের খুচরো বাজারে জ্বালানির দামে ঠিক কতটা প্রভাব পড়বে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে এই সংঘাত বেশিদিন চললে জ্বালানি সরবরাহ এবং দাম নিয়ে নতুন করে সমস্যা তৈরী হওয়া আশ্চর্যের নয়। আগেও যুদ্ধের সময় কেন্দ্র সরকার হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহে বিধিনিষেধ আরোপ করেছিল। পরে যদিও আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
গত সপ্তাহে মাত্র ৫০টি জাহাজ হরমুজ প্রণালী পার করেছে। রবিবার এই সংখ্যা হয় মাত্র ছয়ে। গত পাঁচ মাসের মধ্যে এটাই সবথেকে কম। হরমুজ প্রণালীতে এই সমস্যা তৈরি হলে ভারতের জ্বালানি আমদানি, পরিবহণ ব্যয় এবং জ্বালানির দামের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সিতে হামলায় ১১ জন ভারতীয় নাবিকের তলিয়ে যাওয়ার ঘটনায় বাড়ছে ক্ষোভ। তাঁদের ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ।
















