বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (BJP-ruled Madhya Pradesh) নারী নিরাপত্তা কতটা তলানিতে, তা আরও একবার প্রমাণ করে দিল আলিরাজপুরের (Alirajpur) এই শিউরে ওঠা ঘটনা। রাজ্যে আইনের শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এক গৃহবধূকে (House Wife) গণধর্ষণ করল একদল দুষ্কৃতী। ডাকাতি করতে এসে ধর্ষণ করে শুধু তাই নয় নির্যাতিতার যৌনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেয়। তথাকথিত সুশাসনের দাবিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বর্তমানে হাসপাতালের বিছানায় লড়াই লড়ছেন ওই মহিলা। গত শুক্রবার রাতে বোরি থানা (Bori Police Station) এলাকায় এই নৃশংস কাণ্ডটি ঘটেছে।
বোরি থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামের ওই বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় ৫ থেকে ৬ জনের এক সশস্ত্র ডাকাতদল। সে সময় ঘরে ছিলেন বছর চল্লিশের ওই গৃহবধূ এবং তাঁর মেয়ে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ঘরজুড়ে লুটপাট চালানোর মধ্যেই ডাকাতদলের মধ্যে দুজন ওই মহিলাকে ধর্ষণ করে।
মহিলা নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকে নৃশংসভাবে মারধর করা হয়। মা ও মেয়ে চিৎকার করলে দুজনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ডাকাতরা। ধর্ষনের পর মহিলার যৌনাঙ্গে একটি কাঠের টুকরো ঢুকিয়ে দেয়। এরপর ঘর থেকে নগদ টাকা, সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয় তারা। শনিবার সকালে প্রতিবেশীরা রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নির্যাতিতার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
এই নজিরবিহীন ও বর্বর ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আলিরাজপুরের পুলিশ সুপার রঘুবংশকুমার সিংহ (Alirajpur Superintendent of Police Raghuvansh Kumar Singh) জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি মূলত ডাকাতির উদ্দেশ্যেই করা হয়েছিল। অপরাধীরা অত্যন্ত নৃশংসভাবে মহিলার ওপর অত্যাচার করেছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করতে ইতিমধ্যেই পুলিশের বিশেষ টিম গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। তবে এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।
















