ঘাটতি কাটিয়ে কয়লা সরবরাহে নয়া রেকর্ড গড়ে ফেলল রাজ্য। উৎপাদন সমস্যা কাটিয়ে এবার নিজেদের প্রয়োজনের পর উদ্বৃত্ত কয়লা খোলা বাজারে বিক্রি করতে শুরু করল পশ্চিমবঙ্গ সরকার।কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি-কে (NTPC) কয়লা সরবরাহ শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। 

কোল ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা কাটিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই ছবিটা পুরোপুরি বদলে গেল। কয়লা সরবরাহে পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (WBPDCL)। তথ্য বলছে, ২০১৯-২০ আর্থিক বছরে ডব্লিউবিপিডিসিএল-কে নিজস্ব ক্যাপটিভ কয়লা ব্লক বণ্টন করা হয়। এর পর থেকেই নিজস্ব খনি থেকে কয়লা উত্তোলনের কাজ গতি পায় রাজ্যে। এই বছরে সিআইএল থেকে ১২.৫৭ মিলিয়ন টন কয়লা নেওয়া হলেও ক্যাপটিভ খনি থেকে পাওয়া গিয়েছিল মাত্র ১.৯২ মিলিয়ন টন। তবে ২০২৪-২৫ অর্থবর্ষে ছবিটায় বদল আসতে শুরু করে। কোল ইন্ডিয়া থেকে আমদানির পরিমাণ শূন্য করে রাজ্যের।চাহিদার ১০০ শতাংশ কয়লাই নিজেদের খনি থেকে তুলতে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। বর্তমানে দৈনিক কয়লার গড় ব্যবহার ষাট হাজার টন অথচ উৎপাদন তার চেয়ে ঢের বেশি। 

কয়েক বছর আগেও কয়লার জোগানের জন্য প্রায় ৮৫ শতাংশ বাইরের উপর নির্ভর করে থাকতে হতো। এখন ছবিটা পুরোপুরি বদলে গেছে।WBPDCL-র কাছে বিপুল পরিমাণ উদ্বৃত্ত কয়লা থাকায় কেন্দ্র সরকারের 'এম এম ডি আর আইন ২০২১' মেনেই রাজস্ব বাড়াতে বাণিজ্যিক বিক্রির পথ বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এনটিপিসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে মোট ০.৫ মিলিয়ন টন কয়লা সরবরাহ করবে রাজ্য। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শুধু তাই নয় আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে খোলা বাজারে মোট ৩.৫ মিলিয়ন টন উদ্বৃত্ত কয়লা বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চলেছেপশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম।