একদিকে 'চলো সংসদ' কর্মসূচি, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক এই দুই রাজনৈতিক ঘটনার মধ্যেই অনশন প্রত্যাহারের ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Deepke)। সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) দিল্লি পুলিশ (Delhi Police) সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital) নিয়ে যাওয়ার প্রতিবাদে গত ১৮ জুলাই থেকে তিনি অনশনে বসেছিলেন।
দিল্লির যন্তর মন্তরে সোমবার ছিল সিজেপি-র আন্দোলনের গুরুত্বপূর্ণ দিন। সংসদ অভিযানের কর্মসূচির পাশাপাশি দলের নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের কাছেও নিজেদের দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সেই উদ্দেশ্যে সিজেপির মুখপাত্র সৌরভ দাস (CJP spokesperson Saurav Das) এবং আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করে লিখিতভাবে বিভিন্ন দাবি জানায়। সৌরভ দাস বলেন, ১০ মিনিটের একটি বৈঠক হয়েছে। আলোচনার পর বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
আন্দোলন চলাকালীন প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হয় সিজেপি। অভিযোগ, কোনও চিকিৎসাজনিত প্রয়োজন ছাড়াই যন্তর মন্তরে একটি অ্যাম্বুল্যান্স আনা হয়, যা বিক্ষোভস্থলে অযথা বিভ্রান্তির পরিস্থিতি তৈরি করতে পারত। পাশাপাশি বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আটক করার অভিযোগও তোলে তারা। এদিকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে আন্দোলনকারীদের প্রতি সরকারের আচরণের সমালোচনা করে বলেন, প্রতিবাদ দমনে বলপ্রয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
এদিকে সোনম ওয়াংচুককে বিক্ষোভস্থল থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। আদালত জানিয়েছে, আবেদনটিতে মূলত ওই পদক্ষেপকে বেআইনি ঘোষণার আর্জি জানানো হয়েছে, যা জরুরি ভিত্তিতে শুনানির উপযুক্ত নয়। আবেদনকারীর অভিযোগ, এই পদক্ষেপে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।
















