ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরে নমুনা দিতে বিধাননগর আদালতে (Bidhannagar Court) উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অফিস টাইমের ট্রাফিকের কথা মাথায় রেখে বুধবার সকাল ১১ টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নির্ধারিত সময়ের মধ্যেই বিধাননগর আদালতে পৌঁছে যান তিনি। আদালতের সামনে অবৈধ জমায়েত এড়াতে তৎপর পুলিশ, মোতায়েন করা হয়েছে র‍্যাফ (RAF)। 

রাজ্য নির্বাচনী প্রচারের সময় ডিজে (DJ) বাজানোর কথা শোনা গিয়েছিল অভিষেকের মুখে। এরপরই তার মন্তব্যের বিরোধিতায় বাগুইআটি থানায় মামলা দায়ের হয়। তদন্তভার যায় সিআইডির হাতে। এর আগে অভিষেককে একাধিকবার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য তলব করা হলেও তিনি আগে দুবার হাজির হননি, বরং পাল্টা মামলা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গত ১০ জুলাই শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা করার জন্যই অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তাই কণ্ঠস্বরের নমুনা তাঁকে দিতেই হবে। রীতিমতো দিন ও সময় বেঁধে দেওয়া হয়। এরপর মামলা তুলে নেন অভিষেকের আইনজীবী। এরপর আজ আদালতের নির্দেশ মতো ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য সকাল ১১:৪৯ মিনিটে পৌঁছলেন অভিষেক। জানা গিয়েছে, তদন্তকারী অফিসার, টেকনিক্যাল এক্সপার্টদের উপস্থিতিতে আর কিছুক্ষণের মধ্যেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ শুরু হবে।