কলকাতা আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনে ডিজে মামলায় (DJ Case) কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ মেনে বুধবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ বিধাননগর আদালতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় দেড় ঘণ্টা ধরে ভয়েস টেস্ট প্রক্রিয়া চলার পর দুপুর দেড়টা নাগাদ করা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালত চত্বর ছাড়েন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাইরে বেরিয়ে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ডায়মন্ড হারবারের সাংসদ।

এদিন সকাল ১১ টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে নির্ধারিত সময়ের আগেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য উপস্থিত হন অভিষেক। সোনারপুরের অশান্তির ঘটনার কথা মাথায় রেখে আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ও তৎপরতা লক্ষ্য করা যায়। মোতায়েন রাখা হয়েছিল র‍্যাফও(RAF)। জানা গিয়েছে, তদন্তকারী অফিসার, টেকনিক্যাল এক্সপার্টদের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। মূল মামলাকারী এদিন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যেভাবে গোটা প্রক্রিয়া হয়েছে তাতে রাজ্য পুলিশ এবং সিআইডির উপর মানুষের হারানো আস্থা ফিরবে।