৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই তৃণমূল (TMC) সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একের পর এক বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে। বিধানসভায় সই জাল-কাণ্ড থেকে উস্কানিমূলক মন্তব্য মামলা, সেবাশ্রয়- বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তাঁর বিরুদ্ধে কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত। আগামী বুধবারের মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে হাই কোর্ট। 

ডিজে মামলা, সেবাশ্রয়-সহ বিভিন্ন দুর্নীতিতে একাধিক মামলায় বিদ্ধ অভিষেক। তদন্তে সিআইডি (CID) থেকে রাজ্য পুলিশ (State Police)। বারবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। উস্কানিমূলক মন্তব্য মামলায় আদালতের রক্ষাকবচ রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের। বাকি সব মামলায় রক্ষাকবচ চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ তিনি। তাঁর বক্তব্য, কতগুলি এফআইআর হয়েছে, তা জানাক রাজ্যের ডিজিপি (DGP)।

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Sougata Bhattacharya) বেঞ্চে অভিষেকের আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ ও অয়ন ভট্টাচার্য আদালতে জানান, “অভিষেক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই কারণে প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে।“ আইনজীবীদের কথায়, অভিষেকের বিরুদ্ধে এখনও পর্যন্ত আটটি এফআইআর হয়েছে। আরও কত মামলা আছে জানা নেই। তাই সেই সংখ্যা জানানোর আবেদন জানান তাঁরা। 

রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি প্রশ্ন করেন, তাঁরা কী রিপোর্ট দিতে চান? জবাবে রাজ্যের আইনজীবী বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করা হচ্ছে। কোনও রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাজ করা হচ্ছে না।“

বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগামী বুধবার অর্থাৎ ২২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে যে আটটি এফআইআর (FIR) হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্টও দিতে হবে রাজ্যকে।