ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার অফিসে শনিবারের পর রবিবারও চলছে বুলডোজার (Bulldozer) দিয়ে ভাঙার কাজ। অবৈধ নির্মাণের অভিযোগে কার্যালয় ভাঙছে প্রশাসন। শনিবার এই নিয়ে সংবাদ মাধ্যমে মত প্রকাশের পরে, রবিবার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে বুলডোজার অ্যাকশনের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "বাংলায় আইনশৃঙ্খলার চরম অবনতি ও নৈরাজ্য আজ স্পষ্ট। সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট বুলডোজার দিয়ে ভাঙচুর বা উচ্ছেদ অভিযানকে অসাংবিধানিক বলে রায় দেওয়া সত্ত্বেও, গতকাল আমতলায় আমার লোকসভা কেন্দ্রের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে বিজেপি গুণ্ডাদের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ ল্যাপটপ, প্রিন্টার, নথিপত্র, টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভর্তি ট্রাঙ্কগুলি নিয়ে যাচ্ছে। এটি শুধুমাত্র ভাঙচুর ছিল না—এটি ছিল উর্দিধারী পুলিশ কর্তৃক সংঘটিত চুরি; আর এই ঘটনাটি এমন এক সময়ে ঘটানো হল যখন বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। যাদের ওপর আইন রক্ষার দায়িত্ব, তারাই আজ আইনভঙ্গকারীতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ধিক্কার!"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে বুলডোজার চলে শনিবার। ই-মেল মারফত কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আর্জি জানানো হয়েছিল সাংসদের তরফে। অবশেষে রবিবার আদালত খুলে শুনানির আর্জি। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি।
















