এবার মালদহে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ! একে বারুইপুরের ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি, এর মধ্যে ফের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ২৪ ঘণ্টার মধ্যেই বিহারের পূর্ণিয়া থেকে তাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর তিনটে নাগাদ ইংরেজবাজার ব্লকের বাসিন্দা ওই ১২ বছরের নাবালিকাকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক। সেখানে মেয়েটির ওপর তীব্র যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স সংলগ্ন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। রবিবার সন্ধ্যায় এই ঘটনার খবর পেয়েই তৎপর হয় ইংরেজবাজার থানার পুলিশ। নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পকসো (POCSO) আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়। পুলিশ জানতে পারে, ঘটনার পরই গা-ঢাকা দিতে অভিযুক্ত প্রতিবেশী রাজ্য বিহারে পালিয়ে গেছে।

মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান, "অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঘটনার তদন্তে নামি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে জানা যায় যে অভিযুক্ত বিহারের পূর্ণিয়ায় লুকিয়ে রয়েছে। রাতেই জেলা পুলিশের একটি স্পেশাল টিম তৈরি করে সেখানে পাঠানো হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।" ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার তদন্ত করতে চাইছে পুলিশ।