নাবালিকার ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur)। মঙ্গলবার দুপুরে সেখানে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তার আগে এদিন সকাল সকাল এখানে পৌঁছে গেলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়রা।
অগ্নিগর্ভ বারুইপুরের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের গ্রেফতারির খবর মিলেছে। আটক তিন। দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মনে। সোমবার পথে নেমে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছে তৃণমূলের প্রতিনিধি দল। এবার কিশোরীর দেহ উদ্ধারের ৪৮ ঘণ্টা পর আজ সেখানে গেছেন বিজেপির মন্ত্রী- নেত্রীরা। অগ্নিমিত্রা বলেন, “বিগত সরকার কাউকে আশ্বস্ত করার চেষ্টা করেনি। আমাদের মুখ্যমন্ত্রী বারবার ফোন করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরা হয়েছে। সারা গ্রাম বিশ্বাস রাখছে সরকারের উপর। আমরা পাশে দাঁড়াতে এসেছি।” প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Loket Chatterjee) জানিয়েছেন সরকারের ভূমিকায় পরিবার খুশি। সূত্রের খবর সম্ভবত দুপুর দেড়টা নাগাদ বারুইপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
















