জম্মু-কাশ্মীরে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। অতিভারী বৃষ্টি, হড়পা বান-ভূমিধসের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা। আবহাওয়া দফতরের দফতরের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারির পর পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রবিবার থেকেই সব পথেই অমরনাথ যাত্রীদের থামিয়ে দেওয়া হয়েছে। ভক্তদের আপাতত বেসক্যাম্পেই থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ জানান, আবহাওয়ার উন্নতি না হওয়া এবং যাত্রাপথ সম্পূর্ণ নিরাপদ নিশ্চিত না করা পর্যন্ত কাউকে এগোনোর অনুমতি দেওয়া হবে না। জানানো হয়েছে, চলতি মরশুমে ইতিমধ্যেই ৩ লক্ষ ৭৬ হাজারের বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে একইভাবে কাটরায় বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এদিকে নাগাড়ে বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দারহালি, খান্দালি-সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। দারহালি নদীর জল বাঁধ ভেঙে রাজৌরি বাসস্ট্যান্ডের পার্কিং লটে ঢুকে বহু যানবাহন ভাসিয়ে নিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অমর নাথ ও বৈষ্ণোদেবী যাত্রা আপাততত বন্ধ রাখল প্রশাসন।