অযোধ্যার রাম মন্দিরে (Ram Mandir in Ayodhya) প্রণামী চুরির ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এরমধ্যে রাম মন্দিরের সিইও পদে আবেদনের হিড়িক পড়ে গিয়েছে। জমা পড়েছে হাজারেরও বেশি আবেদনপত্র (Application Form)।
'চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট। এই পদের জন্য আবেদনকারীদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত আমলা এবং প্রাক্তন প্রবীণ প্রশাসনিক আধিকারিক। উত্তরপ্রদেশের ক্যাডারের প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরও (Amitabh Thakur, a former IPS officer of the Uttar Pradesh cadre)রাম মন্দিরের সিইও পদের জন্য আবেদন জানিয়েছেন।
রাম মন্দিরের সিইও হতে গেলে কী কী যোগ্যতা দরকার?
* প্রার্থীর বয়স হতে হবে ৫০-৭০ বছরের মধ্যে।
* প্রার্থীকে ন্যূনতম ২০ বছর উচ্চপদস্থ সরকারি বা প্রশাসনিক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* যিনি সিইও নির্বাচিত হবেন, তাঁকে স্থায়ীভাবে অযোধ্যায় বসবাস করতে হবে।
* প্রার্থীকে একনিষ্ঠ হিন্দু হতে হবে এবং ভগবান রামচন্দ্রের প্রতি তাঁর অগাধ ভক্তি ও বিশ্বাস থাকতে হবে। হিন্দি এবং ইংরেজি, দুই ভাষাতেই সমানভাবে পারদর্শী হতে হবে।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এক আধিকারিক জানিয়েছেন, যেভাবে আবেদনপত্র জমা পড়ছে, তাতে আগামী ১৮ জুলাই আবেদনের শেষ তারিখের মধ্যে এই সংখ্যা কয়েক হাজারে গিয়ে ঠেকতে পারে। আবেদনপত্র খতিয়ে দেখতে এবং প্রার্থীদের যোগ্যতার শংসাপত্র যাচাইয়ের কাজে সাহায্য করার জন্য নির্বাচন কমিটি সচিব নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিটিতে রয়েছেন- সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রমোদ কোহলি (Former Supreme Court Justice Pramod Kohli), লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী (Lieutenant General (Retired) Vishnukant Chaturvedi), শিরডি সাইবাবা সংস্থান ট্রাস্টের চেয়ারম্যান সুরেশ হবারে। আগামী ১৯ জুলাই এই কমিটি বৈঠকে বসে আবেদনপত্রগুলি খতিয়ে দেখে ইন্টারভিউয়ের চূড়ান্ত প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
















