রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার রাতে বিশেষ বিমানে বাগডোগরা পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামানিক। শনিবার সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। রবিবার বিকেলে একটি দুগ্ধ সংস্থার কারখানার ভার্চুয়াল শিলান্যাসও করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন সকালে বিএসএফ-এর ১৮ নম্বর ব্যাটেলিয়নের একটি কর্মসূচিতে যোগ দেবেন শাহ। প্রহরী সম্মেলনে সেনাবাহিনীকে বিশেষ বার্তা দেবেন বলে জানা গিয়েছে।রাজ্যে শুভেন্দু অধিকারীর সরকার গুন্ডা দমন আইন কার্যকর করেছে। এই পরিস্থিতিতে আজ বিকেলে বাংলার নতুন ফৌজদারি আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা সারবেন শাহ। এদিন সন্ধ্যায় জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত বিষয়েও একটি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। শনিবার বিকেলে উত্তরবঙ্গ থেকে সোজা কলকাতায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে যাবেন জাতীয় গ্রন্থাগারে। এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার হয়ে এক দুগ্ধ সংস্থার কারখানার ভার্চুয়াল শিলান্যাস করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
















