মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) পূর্ব ঘোষণা মতোই পয়লা জুলাই অর্থাৎ বুধবার থেকে দ্বিতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পেতে চলেছেন বাংলার মহিলারা। এদিন বেলা বারোটা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) এই সংক্রান্ত একটি বিশেষ সরকারি অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। থাকবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও। সেখান থেকেই দ্বিতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হবে। আজই ১ কোটি ২০ লক্ষ মহিলারা ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। 

রাজ্য সরকারের এই প্রকল্পের ঘোষণা হতেই মহিলাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। প্রায় ১ কোটি ৫০ লক্ষের বেশি আবেদন করা হয়েছে। সেখান থেকে ৩০ লক্ষের মতো নাম বাদ গেছে বলে সূত্রের খবর। রাজ্যে বিজেপি সরকার (BJP Government) আসার পর স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যে এই টাকা যাদের সত্যিই দরকার তাদের দেয়া হবে। সেই কারণে নথি খতিয়ে দেখে ঝাড়াই বাছাই করতে কিছুটা সময় লেগেছে। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চলেছেন। এই জেলা থেকে প্রায় ৮ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। শহর থেকে গ্রাম, সর্বত্রই মহিলারা লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ টাকা পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন।