নদীপথে পর্যটনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনাকে বাস্তবায়িত করতে এবার বাবুঘাট থেকে মায়াপুর পর্যন্ত ফেরি সার্ভিস (Babughat to Mayapur Ferry Service) চালুর ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের (Govt of West Bengal)। দেশের প্রথম ব্যাটারি চালিত ভেসেল চলবে গঙ্গায়। জানা গিয়েছে, হুগলি নদীতে আগামী দিনে দুটি যাত্রীবাহী হাইব্রিড ইলেকট্রিক ফেরি চালু হবে যার মাধ্যমে বাবুঘাটের সঙ্গে মায়াপুরের সংযোগ করা সহজ হবে। ফলে খুব সহজেই মায়াপুর যেতে পারবেন ভক্ত থেকে পুণ্যার্থীরা। প্রস্তাবিত জলপথ বাস্তবায়িত হলে নদী তীরবর্তী বিশিষ্ট ধর্মীয় স্থানগুলি সহজেই দেখার সুযোগ পাবেন পর্যটকরা। 

পর্যটনমন্ত্রী শংকর ঘোষ (Shankar Ghosh) শনিবার বলেন, জলপথ পর্যটন কেন্দ্র গুলির মধ্যে স্বাধীনতা আন্দোলনের জন্য বিখ্যাত এলাকা গুলোকে অন্তর্ভুক্ত করতে চাই রাজ্য সরকার।বেলুড় মঠ - দক্ষিণেশ্বরের মতো ধর্মীয় স্থানগুলোকে সংযুক্ত করতেও জলপথ পর্যটন ব্যবহার করা হবে। প্রস্তাবিত রুটে থাকবে হংসেশ্বরী মন্দির এবং বারাকপুরের অন্নপূর্ণা মন্দিরও। WBTDCL সহযোগিতায় কলকাতা, বরানগর, বারাকপুর ,শ্রীরামপুর, চন্দননগর কালনা, মাটিয়ারা, নদিয়াতে নতুন জেটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। আগামী দিনে আধুনিক পরিবেশ বান্ধব, বিশ্বমানের পর্যটন পরিমণ্ডল তৈরি করতে চলেছে রাজ্য। হুগলি নদী বরাবর একটি সম্পূর্ণ বিকশিত নদী পর্যটনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করছেন পর্যটনমন্ত্রী।