দলীয় কাজে কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ৮৭ বছর বয়সী বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। শুক্রবার দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে পার্টি অফিসে গিয়ে চিকিৎসককে পরীক্ষা করান। বর্ষীয়ান বাম নেতার শরীরে অক্সিজেনের অভাব হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মহম্মদ সেলিম জানিয়েছেন অশীতিপর সিপিএম নেতার একটি হার্ট অপারেশন হয়েছে এবং পেসমেকার বসেছে। 

বর্ষীয়ান রাজনীতিবিদ বরাবরই শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করেন। পরিমিত আহার এবং নিয়মিত হাঁটাচলা তাঁর সুস্থতার চাবিকাঠি। এর আগে রুটিন চেকআপ করার সময় চিকিৎসকরা কোনও অস্বাভাবিকত্ব পাননি। তবে শুক্রবার আচমকাই শ্বাসের সমস্যা হওয়ায় তড়িঘড়ি দিল্লি এইমসে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত সুস্থ রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর দু একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে বামফ্রন্ট চেয়ারম্যানকে।