দিল্লির যন্তরমন্তর আন্দোলনের পর থেকে ককরোচ জনতা পার্টিকে (CJP) সামলাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। স্বাধীনতা দিবসের আগেই 'স্কুল ঠিক করো' কর্মসূচির ঘোষণা করে সিজেপি। সেই মতো শুক্রবার বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) পৌঁছতেই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা করার অভিযোগ বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে। ককরোচ নেতার জামা ছিড়ে দেওয়া হয়েছে, এমনকি পুলিশের উপস্থিতিতে ও সহযোগিতায় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন আশুতোষ। ইতিমধ্যেই একাধিক ছবি ভিডিও ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। ৪৮ ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়ে আশুতোষ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাঁরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা করবেন।

দেশের বিভিন্ন রাজ্যের গ্রামীন এলাকার সরকারি স্কুলে গিয়ে সেখানকার হতশ্রী চেহারা তুলে ধরছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Deepke)। এবার মহারাষ্ট্রের একটি সরকারি স্কুলে গিয়ে নকল পড়ুয়া ধরলেন তিনি। এখানেই শেষ নয়, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই মদের বোতল খুঁজে পাওয়ার অভিযোগ তুললেন ককরোচ পার্টির প্রধান।বৃহস্পতিবার লাতুর জেলা পরিষদ পরিচালিত ওই স্কুলে ঢুকতেও তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ভারতীয় জনতা পার্টির তরফে যতই আরশোলাদের আন্দোলন এবং কর্মসূচিকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হোক না কেন শিক্ষা নিয়ে বিজেপি সরকারের উদাসীনতা এবং ইচ্ছাকৃতভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া কোনভাবেই বরদাস্ত করবে না জেন জি, তা সাফ জানিয়ে দিয়েছে সিজেপি (CJP)। বৃহস্পতিবার ও শুক্রবার দুই বিজেপি শাসিত রাজ্যের নিন্দনীয় ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।