যুক্তির ঊর্ধ্বে ক্ষমা! সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটি মার্ক জুকারবার্গকে তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছে। সাফ জানানো হয়েছে, এই সময়ের মধ্যে তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গত ২৩ জুলাইয়ের ভিডিয়োটি সাময়িকভাবে সরিয়ে ফেলার জন্য ক্ষমা চাইতে হবে এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; অন্যথায় তাঁকে ‘সেফ হারবার’ সুরক্ষা সুবিধা হারানোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন প্যানেল জানিয়েছে ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধি প্রধানমন্ত্রী মোদির ভিডিয়ো মুছে ফেলাটা হল "গণতন্ত্রের ওপর আঘাত"। এতে বলা হয়েছে, ফেসবুক যদি এ বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে 'সেফ হারবার ক্লজ' (Safe Harbour Clause) বাতিল করা হবে। মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, মামলা দায়ের করা হতে পারে।
প্রধানমন্ত্রী মোদির পোস্টটি প্রথমে ইনস্টাগ্রামে এবং পরে ফেসবুকে শেয়ার করা হয়েছিল। এটি তাঁর প্রথম সরাসরি সেলফি-ভিডিয়ো- বার্তা ছিল। এতে 'ককরোচ জনতা পার্টি'র নেতৃত্বে চলা ছাত্র-বিক্ষোভের প্রেক্ষাপটে 'পেপার লিক' বা প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফেসবুকের সংস্করণটি মেটা (Meta) সাময়িকভাবে সীমাবদ্ধ বা 'রেস্ট্রিক্টেড' করে দিয়েছিল। যদিও মেটা দ্রুতই পোস্টটি পুনর্বহাল করে। জানা যাচ্ছে, এর আগে চলতি সপ্তাহে সংসদীয় কমিটির সাথে এক বৈঠকে সরকারের প্রশ্নের মুখে পড়েছিলেন মেটার কর্মকর্তারা। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে যে ভিডিয়ো নিয়ে সংসদীয় কমিটি এত উদ্বিঘ্ন, সেখানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর তরফে ফাস্ট ট্র্যাক আদালতের প্রথম দিনের শুনানিতে কোনো আইনি প্রতিনিধি ছিলেন না। প্রশ্নপত্র ফাঁস সঙ্কটের সমাধান হিসেবে মোদি সরকার কোন মুখে ফাস্ট-ট্র্যাক আদালতের ঢাকঢোল পেটাচ্ছে, যখন তাদের নিজেদের এজেন্সিই এই ধরনের একটি সংবেদনশীল মামলার শুনানিতে একজন আইনি প্রতিনিধি পাঠাতে "ব্যর্থ" হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ভিডিয়োটি সরিয়ে ফেলার কারণ হিসেবে মেটা যে " টেকনিক্যাল ত্রুটি"র কথা উল্লেখ করে ক্ষমা চেয়েছিল, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেটা "যৌক্তিক নয়" বলে মন্তব্য করেছে। তারা আরও বলেছে যে, যদি বিষয়টি সত্যিই কোনো টেকনিক্যাল ত্রুটি হয়ে থাকে, তবে একটি প্রযুক্তি কোম্পানি হিসেবে মেটার উচিত অবিলম্বে তাদের নিজস্ব টুল বা ব্যবস্থাগুলোর উন্নতি করার ক্ষেত্রে তৎপর হওয়া।
















