আনন্দপুরে পুলিশের সামনেই বিজেপির (BJP) দুই গোষ্ঠীর মধ্যে বচসা-হাতাহাতির জেরে উত্তপ্ত পরিস্থিতি।তোলাবাজির টাকায় বিজেপির এক গোষ্ঠী প্রীতিভোজের আয়োজন করেছে বলে অপর গোষ্ঠীর অভিযোগ। দফায় দফায় দুই গোষ্ঠীর কোন্দলে আক্রান্ত মহিলারা, পুলিশের সামনেই ঝড়লো রক্ত। 

এন্টালি পর এবার আনন্দপুর, বিজেপির বিরুদ্ধে ক্রমাগত জোড়ালো হচ্ছে তোলাবাজির অভিযোগ। এবার নিজেদের মধ্যেই সংঘর্ষ জড়িয়ে পড়লেন পদ্মদলের নেতাকর্মীরা। রবিবার আনন্দপুর মাঠে একটি প্রীতিভোজের আয়োজন হয়েছিল। তার জন্য যে কুপন ছাপানো হয়েছিল সেখানে বিজেপি কসবা বিধানসভার নাম লেখা হয়। এই প্রীতিভোজকে কেন্দ্র করেই বিজেপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। ১০৮ নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি অরুণ বিষয়ীর অভিযোগ দলের থেকে কোনও অনুমতি না নিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করতে এই প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।পাল্টা দক্ষিণ কলকাতা জেলা কমিটির আরেক সদস্য সরস্বতী সরকারের গোষ্ঠী দাবি করেছে, অনুষ্ঠান চলাকালীন অরুণের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এই নিয়ে শনিবার গভীর রাতে আনন্দপুর থানার সামনে সংঘর্ষ হয় দুই দলের। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর, বাদ পড়েননি মহিলারাও। মণ্ডল সভাপতি অরুণ বলছেন, ভোটের ফলাফল বেরোনোর পর রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতেই তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে নাম লিখিয়েছে তাঁরাই তোলাবাজি করছে এবং প্রীতিভোজের নাম করে টাকা তুলেছে। দুপক্ষের হাতাহাতিতে এক ব্যক্তির মাথা ফেটেছে বলে জানা গিয়েছে।