ভিয়েতনামে (Vietnam) বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন ভারতীয় পর্যটকদের (Indian Tourist) একটি দল। শনিবার ফু কুয়ক দ্বীপের (Phu Quoc Island) উপকূলের কাছে ভারতীয়দের বহনকারী একটি নৌকা মাঝসমুদ্রে উল্টে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন। ঘটনার পর থেকেই সমুদ্রে জোরকদমে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। নামানো হয়েছে ডুবুরিও (Diver)। 

দুর্ঘটনার জেরে উদ্বিগ্ন পরিবারগুলি যাতে খবর নিয়ে পারে এবং তাঁদের প্রয়োজনীয় সাহায্য করার উদ্দেশ্যে হো চি মিন সিটিতে (Ho Chi Minh City) ভারতের কনস্যুলেট জেনারেলে (Consulate General of India) একটি বিশেষ কন্ট্রোল রুম (Control Room) চালু করা হয়েছে। পাশাপাশি হ্যানয়েও (Hanoi) আলাদা একটি হেল্পডেস্ক (Helpdesk) খোলা হয়েছে, যাতে ভারতে থাকা পরিবারের সদস্যরা সহজেই যোগাযোগ করে সর্বশেষ পরিস্থিতি জানতে পারেন। সেখানে যোগাযোগ করা যাবে +84 36 281 7930, +84 91 552 37 14 এবং +84 33 452 0414 নম্বরে। এছাড়া হ্যানয়েও একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেই কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর +84 91 308 9165।

ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস (Embassy of India) জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। উদ্ধারকাজ (Rescue Operations) এখনও চলায় ঠিক কতজন নিরাপদে উদ্ধার হয়েছেন বা ক্ষয়ক্ষতির প্রকৃত ছবিটা ঠিক কী, তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। পরিস্থিতির উপর নজর রেখে প্রতিনিয়ত খবর নেওয়া হচ্ছে বলে দূতাবাসের তরফে জানানো হয়েছে।