৮ দিন পর উদ্ধার হল বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নিখোঁজ ট্রলার-সহ ৯ মৎস্যজীবীর মৃতদেহ। যদিও এখনও খোঁজ মেলেনি আরও ৬ জনের। ২ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর বন্দর থেকে এফ বি মা কালী নামের ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে রওনা দেয়। কিন্তু ৫ জুলাই থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অবশেষে রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী মুক্তেশ্বর চরের কাছে ট্রলারটিকে উদ্ধার করে। শুরু হয় উদ্ধার কাজ। ভয়ঙ্কর দুর্যোগের মধ্যেও ট্রলারটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। রাতভর উদ্ধারকাজ চালিয়ে ট্রলারের ভিতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ মেলেনি ৬ জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে প্রশাসন।
আরও পড়ুন: হানিমুনের পর এবার চলন্ত ট্রেনে 'পুজো', আজব দাবি রেলের
ঘটনাস্থলে পৌঁছে সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা এই বিষয়ে শোক জানিয়ে বলেন, "মর্মান্তিক ঘটনা। খবর পেয়েই মুখ্যমন্ত্রীকে জানালাম। তারপর তাঁর নির্দেশেই এখানে এসেছি। উদ্ধারকাজ চলছে। মোট ৯জনের দেহ পাওয়া গিয়েছে। এখনও ট্রলারে কিছু মৎস্যজীবীদের দেহ আটকে থাকতে পারে। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই।" ইতিমধ্যেই উদ্ধার হওয়া দেহগুলিকে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিবার ইতিমধ্যেই দেহ শনাক্ত করা শুরু করেছে।
















