এবার বুলডোজার ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  আমতলার অফিসে। বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেকের ৫ তলা কার্যালয়ে বুলডোজার চালানো হয়। শনিবার, বেলায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, দমকল ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সাংসদ কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। চারদিক গার্ডরেল দিয়ে ঘিরে রেখে বুলডোজার (Bulldozer) দিয়ে অভিষেকের ৫ তলা কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই সুযোগে বিজেপি কর্মীরা ভিতরে ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ।

অভিযোগ, পাঁচতলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান (Building Plan) ছাড়াই নির্মাণ করা হয়েছে। সূত্রের খবর, গত ৩০ জুন দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনের তরফে অমিত বন্দ্যোপাধ্যায়, মোতি মল্লিক এবং সুশান্ত মণ্ডল নামে নোটিশ পাঠানো হয়। ১৫ জুলাই দুপুর ২টোর সময় প্রয়োজনীয় নথি-প্রমাণ নিয়ে সংশ্লিষ্ট দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সুশান্তের অভিযোগের ভিত্তিতে সকলকে তলব করা হচ্ছে বলেও জানানো হয়। কিন্তু নোটিশ পেয়েও কর্তৃপক্ষের তরফে গত বুধবার কার্যালয় হাজিরা দেওয়া হয়নি বলে অভিযোগ। 

তার পরেই শনিবার সকালে পদক্ষেপ করে প্রশাসন। বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয় বাহিনী দিয়ে অভিষেকের কার্যালয় ঘিরে ফেলা হয়। উপস্থিত হন বিডিও, বিএলআরও-সহ প্রশাসন ও দমকলের আধিকারিকরা। পৌঁছয় বুলডোজার। এর পরেই গুঁড়িয়ে দেওয়া হয় কার্যালয়ের সামনে থাকা নীল রঙের শেডটি। আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়।  

এদিকে এই সুযোগে বিজেপি কর্মীরা ভিতরে ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ। একই সঙ্গে গেরুয়া কাপড়ে মুখ ঢেকে তাঁদের স্লোগান দিতেও দেখা গিয়েছে বলে সূত্রের  খবর। পরে পুলিশ গিয়ে তাঁদের বের করে দেওয়া হয়।