উৎসবের মরশুম শেষ সবার আগেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এবার বাস ভাড়া বৃদ্ধির সম্ভাবনা! রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং (Transport Minister Arjun Singh) সোমবার বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর অনেকটা সেরকমই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, 'পুজোর আগে এ বিষয়ে কিছু হবে না, তবে পুজোর পর বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। আমরা আলোচনা করব।'

আরও পড়ুন: বাংলায় আয়ুষ্মান ভারতের ১ মাস পার, স্বাস্থ্য পরিষেবার 'মাইলফলক' নিয়ে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর

চারিদিকে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে জ্বালানিও ক্রমশ মহার্ঘ হয়ে উঠেছে। এই অবস্থায় দাঁড়িয়ে সরকারিভাবে ২০১৮ সালে শেষবার বাসের ভাড়ার পরিবর্তন হয়েছিল। অবশ্য কোভিড সংক্রমণের সময়কালে সর্বনিম্ন ৭ টাকা থেকে ভাড়া বৃদ্ধি করে যে ১০ টাকা করা হয়েছিল সেই সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি না থাকায় এইবার ভাড়া বৃদ্ধি করলে সেটা কত টাকা হয় তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন বাস ভাড়া বৃদ্ধি হওয়া উচিত। এই প্রসঙ্গে বাম সরকারকে আক্রমণ করে অর্জুনের মন্তব্য, 'বাম নেতারা নিজেরা গাড়িতে চড়তেন কিন্তু বাস ভাড়া বৃদ্ধি করতেন না। ফলে বাস সংখ্যায় অনেকটা কমে যেত, সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হত। আমরা ওরকম নই। তবে ভাড়া বৃদ্ধির পাশাপাশি পরিষেবার মানও বাড়ানো প্রয়োজন।'

শুধু বাস ভাড়া বৃদ্ধিই নয়, শোনা যাচ্ছে টোল প্লাজাগুলোতেও একটা নির্দিষ্ট রেট বেঁধে দিতে চাইছে রাজ্য। বাস মালিকরা বারবার অভিযোগ করেছেন যে একই জেলায় একেক রকমের টোল নেওয়া হচ্ছে। এক্ষেত্রে পরিবহনমন্ত্রী আশ্বাস দিয়েছেন প্রতিবেশী রাজ্য ওড়িশার মতো করে নিয়ম তৈরি করা হবে। এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ৬ দিনের সময়ও দেওয়া হয়েছে। সোমবারের বৈঠক থেকে পরিবহনমন্ত্রীর আশ্বাস, যেসব বাস মালিকদের দীর্ঘদিনের ট্যাক্স, পেনাল্টি বাকি সেগুলো কিছুটা কমানো হতে পারে। পাশাপাশি টোটো চালকদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন কোনভাবেই বড় রাস্তায় টোটো চলাচল করতে পারবে না।