বৃহস্পতিবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে কলকাতা পুরসভা (KMC) ও পুলিশের তরফে জোর করে ঢুকে যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) বিলবোর্ড খুলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে রাতারাতি হাইকোর্টের দ্বারস্থ হয় মমতাপন্থী তৃণমূল কংগ্রেস।শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে ফেসবুক লাইভ করে পুরসভা ও পুলিশের বিরুদ্ধে বিজেপির দলদাস হিসেবে কাজ করার অভিযোগ করেছিলেন। বৃহস্পতিবার রাতেই ইমেইল মারফত হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। মমতাপন্থী তৃণমূলের অভিযোগ মূলত কলকাতা পুরসভার অতি সক্রিয়তার দিকে। পার্টি অফিসে যে ব্যানার বা হোর্ডিং ছিল, সেটা যদি সরাতে হয়,সেটা যদি অবৈধ হয় সেসম্পর্কে আগে থেকে কালীঘাট তৃণমূলকে অবগত করার প্রয়োজন ছিল। বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু পুরসভা সেটা করেনি বলে অভিযোগ করেন অভিষেক। এরপরই মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া খবর অনুযায়ী যেহেতু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন সেই কারণে আজই বিচারপতি রাজা বসু চৌধুরীর (Justice Raja Basu Choudhary) এজলাসে গোটা ঘটনার দৃষ্টি আকর্ষণ করা হবে । তিনি মামলা দায়ের করার অনুমতি দিলেই সম্ভবত দ্রুত শুনানির জন্য আবেদন করবে তৃণমূল।
















